পায়রায় ভয়াবহ ভাঙন, হুমকিতে ফেরিঘাট ও পাঁচ গ্রাম
পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীর দক্ষিণ পাড়ে লেবুখালী প্রতিরক্ষাবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে লেবুখালী ফেরিঘাটসহ ওই এলাকার পাঁচ গ্রাম। স্থানীয় লোকজন আশঙ্কা করছে বর্ষা মৌসুমে জোয়ারের পানির চাপে ফেরিঘাটটি ভেঙে পড়তে পারে। এতে পটুয়াখালী-বরিশাল সড়ক যোগাযোগ ব্যাহত হবে। এ ছাড়া জোয়ারের পানিতে লেবুখালী, মোল্লাখালী, মরিচের খাল, আলগী ও পাঙ্গাশিয়া গ্রামের ফসলি জমি প্লাবিত হবে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে পটুয়াখালী জেলা শহর থেকে ১২ কিলোমিটার উত্তরে দুমকি উপজেলায় লেবুখালীতে প্রতিরক্ষাবাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। সে অনুযায়ী ১৯৮৪-৮৫ অর্থবছরে ফেরিঘাটের পূর্বদিকে ২০০ মিটার ও পশ্চিম দিকে এক হাজার মিটার ব্লক দিয়ে প্রতিরক্ষাবাঁধ নির্মাণ করা হয়। ২০০৭ সালে সিডর ও ২০০৯ সালে আইলায় ওই প্রতিরক্ষাবাঁধে ব্যাপক ভাঙন দেখা দেয়। পরে বিশেষ করে বর্ষা মৌসুমে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং পানির প্রবল চাপে বাঁধের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দেয়। পাউবো সূত্রে আরও জানা গেছে, বর্তমানে ওই প্রতিরক্ষাবাঁধের পাঁচটি স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বাঁধের ১৬২ মিটার সম্পূর্ণ ভেঙে গেছে। এর মধ্যে দুটি স্থানের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। সামনের বর্ষা মৌসুমে ভাঙন বাড়বে এবং ভাঙন অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে অন্তত পাঁচটি গ্রামের ফসলি জমি প্লাবিত হবে। লেবুখালী গ্রামের কাসেম হাওলাদার বলেন, ‘বাঁধের ব্লক নদীতে বিলীন হচ্ছে। ভাঙা অংশ দিয়ে পানি ঢোকে। বর্ষার দিনে তো পানি আরও বাড়বে। তাই বর্ষার আগে বাঁধ ঠিক না করলে পানিতে লেবুখালী, মোল্লাখালী, মরিচের খাল, আলগী ও পাঙ্গাশিয়া—এই পাঁচ গ্রামের ফসলি জমি ব্যাপক ক্ষতির আশঙ্কা আছে।’ওই গ্রামের রুস্তুম ফরাজী জানান, খড়স্রোতা পায়রা নদীর লেবুখালী অংশ এমনিতেই ভাঙনকবলিত। এ ছাড়া এই প্রতিরক্ষাবাঁধ নির্মাণকালে যেনতেনভাবে ব্লক ফেলে কাজটি করা হয়েছিল। ফলে বাঁধের নদীর দিকে নিচের অংশের ব্লক সরে যাচ্ছে। এ কারণে বাঁধ ভেঙে যাচ্ছে। পাউবোর পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান জানান, তাঁরা লেবুখালী প্রতিরক্ষাবাঁধটি মেরামতের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে বাঁধ মেরামতের জন্য ৫০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দরপত্র আহ্বান শেষে কার্যাদেশ দেওয়ার পর ওই কাজ শুরু হবে।