পায়ু পথবিহীন শিশুটির অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের ছয় সাংবাদিকের উদ্যোগে পায়ু পথবিহীন জন্ম নেওয়া এক শিশুর অস্ত্রোপচার হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ অস্ত্রোপচার হয়।

শিশুটির আয়াত উল্লাহর বাবা আবুল কালাম বলেন, বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন। মা বেলুজা খাতুন বলেন, বর্তমানে আমার সন্তান সুস্থ ও নিরাপদ আছে বলে চিকিৎসক জানিয়েছেন। চিকিৎসকের পরামর্শে আগামী কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে।
শিশুটির মা-বাবা জানান, টেকনাফের সাংবাদিক সংগঠন ‘অসহায়দের পাশে আমরা ৬জন’ আমার সন্তানের চিকিৎসায় আর্থিক ও বিভিন্ন ভাবে সহযোগিতা দিতে এগিয়ে এসেছে। তাদের কারণে দেশ-বিদেশের অনেক লোক আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ।

আবুল কালাম ও বেলুজা খাতুন দম্পতি টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ মহেশখালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁদের ছেলে আয়াত উল্লাহর জন্মের সময় থেকেই পায়ুপথ ছিল না। টাকার অভাবে দুই বছরেরও বেশি সময় ধরে তার অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছিল না। তখন তার পাশে দাঁড়ায় ‘অসহায়দের পাশে আমরা ৬জন’ সংগঠনের ছয়জন সাংবাদিক।