পায়ুপথে বাতাস, শ্রমিক অসুস্থ
পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় এক কিশোর শ্রমিক (১৭) অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সোমবার শ্যামপুর থানার মীর হাজীরবাগে ফ্যান তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার এক কিশোর শ্রমিককে আটক করেছে পুলিশ।
অসুস্থ অবস্থায় ওই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালে এক শ্রমিক সাংবাদিকদের বলেন, তারা একটি ফ্যান তৈরির কারখানায় কাজ করে। গতকাল দুপুরে কাজ করার সময় দুই কিশোর শ্রমিক দুষ্টামি করছিল। একপর্যায়ে এক শ্রমিক দুষ্টামি করে আরেকজনের পায়ুপথে কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়।
কারখানার মালিক বলেন, ঘটনা জানার পরই তিনি দায়ী শ্রমিককে আটক করে পুলিশে খবর দেন।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, আটক কিশোর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, দুষ্টামি করতে গিয়ে সে ঘটনাটি ঘটায়। আটক শ্রমিকের বরাত দিয়ে ওসি বলেন, দুষ্টামি করতে গিয়ে একজন আরেকজনকে লাথি দেয়। এরপর এই ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে অসুস্থ শ্রমিককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা জানান, আটক শ্রমিককে থানায় আনা হয়েছে। অসুস্থ শ্রমিকের পরিবারের পক্ষ থেকে রাত ১০টা পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।