পায়ে বাঁধা ৮৩ ভরি সোনা
ফরিদপুরে মধুখালীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৩ ভরি ওজনের স্বর্ণালংকারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওই সোনা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে আজ মঙ্গলবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সাইদুর রহমান (৪০)। তাঁর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সাংগাড়িয়া কুড়ি গ্রামের বাসিন্দা। সোনাগুলো তাঁর বায়ে বিশেষভাবে বাধা ছিল।
মধুখালী থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ওই বাসের যাত্রী সাইদুর রহমানের পায়ের সঙ্গে অভিনব কায়দায় বাঁধা চারটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের ভেতরে ভারতীয় বাংলা ও ইংরেজি পত্রিকায় মোড়ানো স্বর্ণালংকার পাওয়া যায়। স্বর্ণালংকারের মধ্যে ছিল চেইন ও আংটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ব্যাপারে মধুখালী থানায় সাইদুর রহমানের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।