পায়ে লিখে প্রাথমিকে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পূর্বভাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৭ জন অংশ নিয়েছিল। সবাই পাস করেছে। তবে এর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। তাঁর নাম আজিজুল হক। বিস্ময়ের ব্যাপার হলো, শারীরিক প্রতিবন্ধকতার কারণে আজিজুলকে পরীক্ষা দিতে হয়েছিল পায়ে লিখে। গত শুক্রবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা রানী দেব প্রথম আলোকে বলেন, ‘আমরা তো গর্বিত। তবে তার চেয়ে বেশি বিস্মিত। কারণ পায়ে লিখেও আজিজুল সহপাঠীদের সবাইকে ছাড়িয়ে গেল।’দক্ষিণ সুরমার খালেরমুখ গ্রামে বসবাসকারী আজিজুলের বাবা-মা দুজনই শিক্ষক। তিন ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়। জন্মগতভাবে সে শারীরিক প্রতিবন্ধী। দুই হাত সরু হওয়ায় কোনো কাজ করতে সক্ষম ছিল না। কিন্তু পড়াশোনায় আগ্রহ দেখে বাবা-মা তাকে বিদ্যালয়ে ভর্তি করে দেন। বাবা শেখ মো. ফজলুল হক জানান, তাঁর তিন সন্তানের মধ্যে আজিজুলই কেবল শারীরিক প্রতিবন্ধী। তাঁদের ধারণা ছিল, এ অবস্থায় সে কোনো রকম পড়াশোনা করবে।আজিজুলের বড় বোন জয়নুবা বেগম এবার জেএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে। জয়নুবা পরীক্ষা দেয় দক্ষিণ সুরমার সৈয়দ কুতুব জালালউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে। ছোট ভাই আজিজুল প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ পাওয়ায় খুবই খুশি জয়নুবা। আনন্দের সঙ্গে বলল, ‘ভাইটার এমন শারীরিক অবস্থায় মন খারাপ থাকত। এখন আর মন খারাপ থাকবে না।’ আজিজুল হক জানায়, মা ও বাবা শিক্ষকতা করায় সে পড়াশোনার প্রতি মনোযোগী হয়েছে। তার পা দিয়ে লেখা রপ্ত করার ক্ষেত্রে মা-বাবা ও বড় বোনের সহযোগিতা ছিল। হাতে লেখার চেয়ে তার পা দিয়ে লেখা অনেক সুন্দর জানিয়ে আজিজুল বলল, ‘সুন্দর লেখার মতো আমার জীবনটাও সুন্দর করতাম চাই।’