পায়ের আঙুলের ফাঁকে সুরাইয়ার কলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষার কক্ষে পা দিয়ে কলম ধরে খাতায় লিখছে সুরাইয়া জাহান। ছবি: দেবাশীষ সাহা রায়, শেরপুর
পরীক্ষার কক্ষে পা দিয়ে কলম ধরে খাতায় লিখছে সুরাইয়া জাহান। ছবি: দেবাশীষ সাহা রায়, শেরপুর

পরীক্ষা কক্ষে সবাই বেঞ্চে বসে একমনে খাতায় লিখে যাচ্ছে প্রশ্নের উত্তর। তাদের পাশে বসে লিখছে আরেক শিক্ষার্থী সুরাইয়া জাহান (১৪)। তার হাতে কলম নেই, টেবিলের ওপর নেই পরীক্ষার খাতাও। বিশেষ কৌশলে তৈরি করা বেঞ্চের ওপর তার খাতা। আর সেখানে বসেই ডান পায়ের দুই আঙুলের ফাঁকে কলম রেখে মনোযোগ দিয়ে লিখে যাচ্ছে সে।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী পরীক্ষা কেন্দ্রে এভাবেই অন্য সবার সঙ্গে পরীক্ষা দিচ্ছে শারীরিক প্রতিবন্ধী সুরাইয়া। শারীরিক প্রতিবন্ধিতা দমাতে পারেনি তাকে।
শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের মো. সফির উদ্দিনের মেয়ে সুরাইয়া। তার দুটি হাতই বাঁকা ও শক্তিহীন। ঘাড়ও খানিকটা বাঁকা। মাথা সোজা করে দাঁড়াতে পারে না। হাত দিয়ে কোনো কাজ করতে পারে না সে। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আর মনের জোরে ডান পায়ে কলম ধরে সে পরীক্ষা দিচ্ছে।
শারীরিক প্রতিবন্ধিতার কথা জেনেও হাল ছাড়েননি ​সুরাইয়ার বাবা সফির। ছয় বছর বয়সে সুরাইয়াকে প্রথম শ্রেণিতে ভর্তি করিয়ে দেন আন্ধারিয়া সুতিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২০১২ সালে জিপিএ-৩ দশমিক ৭৫ পেয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাস করে সে। এরপর ভর্তি হয় আন্ধারিয়া উচ্চ বিদ্যালয়ে। এ বছর ওই বিদ্যালয় থেকেই জেএসসি পরীক্ষা দিচ্ছে সুরাইয়া।
সুরাইয়ার বাবা সফির উদ্দিন সদর উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। তিনি বলেন, ‘তিন মেয়ের মধ্যে সুরাইয়া বড়। জন্ম থেকেই সে শারীরিকভাবে প্রতিবন্ধী। তার কথাও অস্পষ্ট। তবে তার দুটি পা ভালো আছে। মেয়েকে যাতে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, শারীরিক প্রতিবন্ধী বলে সে যেন সমাজের বোঝা না হয়, সবার কাছে এই দোয়া চাই।’
গতকাল রোববার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে সরকারি ভিক্টোরিয়া একাডেমী কেন্দ্রে গিয়ে দেখা যায়, একটি বেঞ্চের নিচের অংশে বিশেষ কায়দায় একটি কাঠ লাগানো হয়েছে। সেই কাঠের ওপর খাতা রেখে ডান পা দিয়ে লিখছে সুরাইয়া। প্রতিবন্ধী পরীক্ষার্থী হিসেবে নির্ধারিত সময় তিন ঘণ্টার চেয়ে ২০ মিনিট সময় বেশি পায় সে।

পরীক্ষার কক্ষে পা দিয়ে কলম ধরে খাতায় লিখছে সুরাইয়া জাহান। ছবি: দেবাশীষ সাহা রায়, শেরপুর
পরীক্ষার কক্ষে পা দিয়ে কলম ধরে খাতায় লিখছে সুরাইয়া জাহান। ছবি: দেবাশীষ সাহা রায়, শেরপুর

পরীক্ষা শেষে সুরাইয়ার সহপাঠী নাজমুন্নাহার জানায়, ‘শারীরিক প্রতিবন্ধী হলেও লেখাপড়ার প্রতি ভীষণ আগ্রহ সুরাইয়ার। অসুস্থ না হলে সে নিয়মিতভাবে স্কুলে উপস্থিত থাকে এবং ক্লাসে শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনে। তার মনের জোর অনেক। সে আমাদের ভালো বান্ধবী এবং পড়াশোনার ব্যাপারে আমরা তাকে সব সময় সহযোগিতা করি।’
পরীক্ষার ফল কেমন হবে ও বড় হয়ে কী হতে চাও?—জানতে চাইলে সুরাইয়া বলে, ভালো ফলের আশা তার। লেখাপড়া শিখে বাবার মতো শিক্ষক হতে চায় সে।
সরকারি ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. হেদায়েতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সমাজে অনেক ভালো ছাত্র-ছাত্রী লেখাপড়া বাদ দিয়ে পথভ্রষ্ট হয়ে পড়ে। অথচ সুরাইয়া শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও শুধু মনের জোরে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষÿথেকে এ ধরনের শিক্ষার্থীদের আরও সহযোগিতা করা হলে ভবিষ্যতে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশা করি।’