পিংকির আত্মহত্যায় দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন
কেবল আইনের প্রয়োগ না হওয়ায় একের পর এক স্কুলপড়ুয়া মেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আগের মৃত্যুগুলোর জন্য দায়ী ব্যক্তিদের সাজা কার্যকর হলে পিংকির মতো মেয়েরা আত্মহত্যা করত না। গতকাল শনিবার পিংকির আত্মহত্যায় অভিযুক্ত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেছেন।জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এ মানববন্ধন থেকে উত্ত্যক্তকারীদের নিন্দা জানিয়ে বক্তারা বলেন, কন্যাশিশুদের জন্য সংবিধানে প্রদত্ত বেড়ে ওঠার উপযুক্ত সহায়ক পরিবেশ ও নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। ভবিষ্যতে আরও অনেক প্রাণ রক্ষার্থে সরকার যেন যথাযথ ব্যবস্থা নেন তাঁরা সেই আহ্বান জানান।মানববন্ধনে আয়োজক সংগঠনের সম্পাদক নাছিমা আক্তার ইভটিজিং প্রতিরোধে হাইকোর্টের দেওয়া রায় রাস্তবায়নের ব্যবস্থা করার দাবি জানান। তিনি এ রায়কে দ্রুততম সময়ে আইনে পরিণত করে কন্যাশিশুদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির পরামর্শও দেন।কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিকশিত নারী নেটওয়ার্ক, দি হাঙ্গার প্রজেক্ট, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, সুশাসনের জন্য নাগরিকসহ ২০টি মানবাধিকার সংগঠন। বিজ্ঞপ্তি।