প্ররোচনাকারীদের বিচার দাবিতে ঢাকায় মানববন্ধন
পিংকির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সেই যুবক গ্রেপ্তার
ঢাকার স্কুলছাত্রী নাশফিয়া আখন্দ ওরফে পিংকির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মুরাদ মৃধা ওরফে মুরাদ (১৮) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। খুলনার খালিশপুর থানার কালিবাড়ি এলাকার পাটকল শ্রমিক হাবিবরের বাড়ি থেকে গতকাল শনিবার ভোরে মুরাদকে গ্রেপ্তার করা হয়।এদিকে শ্যামলী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীরা গতকাল সকালে শিশু পল্লির সামনে মানববন্ধন করে। পিংকির আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্ররোচনাকারীদের বিচার নিশ্চিত করার দাবিতে তারা এই মানববন্ধন করে। পিংকি এই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল।ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ওই স্কুলের দুই শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী অংশ নেন। তাঁরা বলেন, আগের সব আত্মহত্যার প্ররোচনাকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলে এমনটা ঘটত না। ভবিষ্যতে এ রকম ঘটনা যেন আর না ঘটে সে জন্য তাঁরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। মানববন্ধনে অংশ নেওয়া পিংকির বড় চাচা আলী আশরাফ আখন্দ বলেন, মুরাদকে জিজ্ঞাসাবাদ করলেই আসল ঘটনা জানা যাবে। তিনি নির্দোষ হলে সেই রাতেই সপরিবারে ঘর ছাড়তেন না।মুরাদের ভাষ্য, ‘পিংকি মরব জানলে দুইজনে একলগেই মরতাম। অয় আমারে মাইরা মরছে। ফাঁকি দিছে। এই জীবনের কোনো দাম আছে? দ্যাশের সবাই জানে, অয় (পিংকি) আমার লইগ্যা মরছে। খোদার কসম, ওরে আমি টিজ করি নাই। ওর লগে এক বছর ধইরা ভালোবাসা আছিল। হ্যার লইগ্যা ওর বাড়ির লোকজন মাইর-ধইর, অপমান করত। নির্যাতন সইতে না পাইররা মরছে। হেই সত্যি কতাডা কেউ কয় না।’ খালিশপুর থানা হাজতে থাকা অবস্থায় মুরাদ গতকাল প্রথম আলোকে জানান, তিনি একজন গাড়িচালক। বাবা সালাহ উদ্দিন মৃধা ফুটপাতে কাপড় বিক্রি করেন। ঢাকার শ্যামলীতে কাজী অফিস বাজার কে কে দত্তর বাড়িতে ভাড়া থাকেন। পিংকি চাচার পরিবারের সঙ্গে একই সড়কের চাকলাদার বাড়িতে ভাড়া থাকত। মুরাদ জানান, পিংকি আত্মহত্যার পর যখন তাঁর ব্যাপারে কথা ওঠে তখন তিনি আত্মগোপন করেন।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকাদ্দেম আলী প্রথম আলোকে বলেন, ‘আত্মহত্যার প্ররোচনা মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) এ এস এম সাহেদ গোপন সংবাদের ভিত্তিতে আমাদের সহায়তায় মুরাদকে তাঁর মামার বাড়ি থেকে আটক করেছেন। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। উপপরিদর্শক এ এস এম সাহেদ প্রথম আলোকে বলেন, মুরাদ ও পিংকির মধ্যে একটা সম্পর্ক ছিল—এ রকম তথ্য পাওয়া গেছে। মুরাদও আটকের পর এ রকম দাবি করেছেন। প্রমাণ সংগ্রহ করার পর ব্যাপারটি নিশ্চিত করে বলা যাবে।গত মঙ্গলবার গলায় শাড়ি পেঁচানো অবস্থায় পিংকির লাশ শ্যামলীতে তার চাচার বাসা থেকে উদ্ধার করা হয়। স্কুলে যাওয়ার সময় বখাটেরা উত্ত্যক্ত করায় পিংকি আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন তার চাচা আলী আশরাফ আকন্দ। এই অভিযোগে আলী আশরাফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মুরাদ ও তাঁর নিকটাত্মীয় আবুল কালামকে আসামি করে মামলা করেন।