পিংকির মৃত্যুর ঘটনায় মামলা
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের কোণা ভাওয়াল গ্রামের স্কুলছাত্রী মরিয়ম আক্তার ওরফে পিংকির অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় গতকাল বুধবার তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। পিংকির মা লতিফা আক্তার একই গ্রামের জারু মিয়ার ছেলে তবারক হোসেনকে (২৫) আসামি করে এ মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম বলেন, তবারক হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। র্যাব-৯-এর ভৈরব অঞ্চলের ক্যাম্প কমান্ডার মুহাম্মদ শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।পারিবারিক সূত্রে জানা গেছে, পিংকির লাশ গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে আনা হয়। রাতেই তাকে দাফন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম ও তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী উপস্থিত ছিলেন। পিংকি গত সোমবার সকালে বাড়িতে অগ্নিদগ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়।