পিআইও ও চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সরকারি খয়রাতির (জিআর) প্রকল্পের ৪৮ টন চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৯টি মামলা করেছে। দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাকারিয়া বাদী হয়ে গত মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানায় মামলাগুলো দায়ের করেন।
পুলিশ ও দুদক সূত্রে জানা যায়, ২০১১-২০১২ অর্থবছরে কালীগঞ্জ উপজেলার ছয় ইউনিয়নের ধর্মীয়/শিক্ষাপ্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া জিআরের ৪৮ টন চাল তুলে কাজ না করে তা আত্মসাৎ করা হয়। এই ঘটনায় হওয়া ১৯ মামলায় কালীগঞ্জের তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নভেন্দু নারায়ণ চৌধুরী, ১৩টি মামলায় তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ (বর্তমানে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান) এবং ছয়টি মামলায় কাকিনা ইউপির চেয়ারম্যান হাফিজুর রহমানকে আসামি করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. জাকারিয়া বলেন, কালীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের ৪০টি ধর্মীয়/শিক্ষাপ্রতিষ্ঠানের (এতিমখানা, মাদ্রাসা ও মন্দির) নামে ১০০ টন খয়রাতি চাল বরাদ্দ দেওয়া হয়। কাজ না করেই ভুয়া কাগজপত্র দাখিল করে ওই চাল আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। পরে সরেজমিনে তদন্ত করে তুষভাণ্ডার ইউনিয়নের ১৩টি এবং কাকিনা ইউনিয়নের ছয়টি প্রকল্পের ৪৮ টনের চালের কাজের কোনো প্রমাণ বা প্রকল্পের অস্তিত্ব পাওয়া যায়নি। পরে ঘটনা তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কালীগঞ্জের তৎকালীন পিআইও নভেন্দু নারায়ণ, তুষভাণ্ডারের তৎকালীন ইউপি চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ এবং কাকিনার ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের বিরুদ্ধে দুদক আইনে মামলা করা হয়েছে।
কালীগঞ্জের তৎকালীন পিআইও (বর্তমানে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কর্মরত) নভেন্দু নারায়ণ চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। মাহবুবুজ্জামান আহমেদ এবং হাফিজুর রহমান বলেন, মামলা হওয়ার কথা তাঁরা শুনেছেন। দুদক রংপুর কার্যালয়ে চার-পাঁচ মাস আগে তাঁদেরসহ কালীগঞ্জের তিন ইউপি চেয়ারম্যানকে ডাকে। সেখানে তাঁদের যা বলার ছিল তা বলে এসেছেন।