পিআইও ১১ দিন কর্মস্থলে অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সিরাজুল ইসলাম সিদ্দিকী কোনো ধরনের ছুটি ছাড়াই ১১ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিআইও ও উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্থানীয় লোকজন লাঞ্ছিত করার পর থেকেই তিনি কার্যালয়ে আসছেন না বলে জানা গেছে।

এলাকার অনেকে অভিযোগ করেন, টিআরের একটি ও কাবিখার দুটি ভুয়া প্রকল্প দেখিয়ে মোট ৩১৭ মেট্রিক টন চাল প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলার খাদ্যগুদাম থেকে কয়েক দফায় তুলে নেন। ১৪ জুলাই এ ঘটনা জানাজানি হয়। ওই দিন বিকেলে উত্তেজিত এলাকাবাসী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলমকে লাঞ্ছিত ও সিরাজুল ইসলামের কার্যালয়ে হামলা করে।

পিআইওর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ জুলাই থেকে তিনি কার্যালয়ে আসছেন না।

এ ব্যাপারের কথা বলতে গত মঙ্গলবার উপজেলা পরিষদে পিআইওর কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। বুধবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সিরাজুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে মঞ্জুরুল আলম বলেন, ‘১৪ জুলাই অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। পরে তা মিটমাট হয়ে গেছে। এ বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না।’

ইউএনও শায়লা ইয়াসমিন বলেন, পিআইও ১৫ জুলাই থেকে কার্যালয়ে আসছেন না। গত মঙ্গলবার তাঁর অস্থায়ী ঠিকানায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।