পিআইওর কাছ থেকে ফি নেওয়ায় ক্ষমা চাইলেন ইউএইচও
অফিস চলাকালে রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে অনৈতিকভাবে ফি আদায় করে আসছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) মু. আবদুর রহিম। কিন্তু উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছ থেকে ফি আদায় করে ধরা পড়েন তিনি।এ ঘটনায় গতকাল মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় ক্ষমা চেয়ে পার পান ইউএইচও আবদুর রহিম।সভায় পিআইও আয়েশা সিদ্দিকা অভিযোগ করেন, তিনি গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে আবদুর রহিম তাঁকে ব্যবস্থাপত্র লিখে দেন। কিন্তু এর জন্য তাঁর কাছ থেকে ২০০ টাকা ফি আদায় করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান নিন্দা প্রস্তাব করেন। দোষ শিকার করে আবদুর রহিম বলেন, পিআইও তাঁর পরিচয় গোপন করেছিলেন বলেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ জন্য তিনি আন্তরিকভাবে দুখিত ও ক্ষমাপ্রার্থী।ইউএনও বলেন, সরকারি কর্মকর্তা কেন, অফিস চলাকালে কোনো রোগীর কাছ থেকেই ব্যবস্থাপত্রের জন্য ফি আদায় করা অনৈতিক আচরণ। ভবিষ্যতে আর এ ধরনের অনৈতিক আচরণ না করার হুঁশিয়ারি দিয়ে আবদুর রহিমকে প্রথমবারের মতো ক্ষমা করে দেওয়া হয়েছে। এই সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী ও উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।