পিআইওর গাফিলতি ফেরত গেল টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ হওয়া টেস্ট রিলিফের (টিআর) প্রায় ১০ লাখ টাকা ফেরত চলে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার গাফিলতির কারণে ওই টাকা ফেরত গেছে বলে প্রতিষ্ঠানের প্রধানেরা অভিযোগ করেছেন।ওই টাকা ফেরত চলে যাওয়ায় বৃহস্পতিবার সকালে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সামনে সমবেত হয়ে ক্ষোভ প্রকাশ করেন।ভোলা সদর উপজেলা পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলা-১ আসনের সাংসদের নামে টিআরের আওতায় সদর উপজেলার ২৯৮টি প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা করে ৮৭ লাখ টাকা আসে। মে মাসে তালিকা পাওয়ার পরে প্রতিষ্ঠানগুলোর কাছে কমিটির তালিকা, রেজুলেশন, প্রকল্পের সভাপতির নামসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওবায়দুল হক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, এ রব মাধ্যমিক বিদ্যালয়ের সাফিয়া খাতুনসহ ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা জানান, তাঁরা সঠিক সময়ে (১৫-১৬ জুন) চাহিদা অনুযায়ী সব কাগজপত্র পিআইও কার্যালয়ে জমা দেন। কিন্তু পিআইও জেলা হিসাবরক্ষণ অফিসে দেরিতে জমা দিয়েছেন। এ কারণে তাঁদের প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া টিআরের টাকা ফেরত গেছে। পিআইও মাজহারুল ইসলাম তালুকদার বলেন, ‘আমরা দিন-রাত কাজ করে সব কাগজপত্র ৩০ জুনের মধ্যে হিসাবরক্ষণ অফিসে জমা দিয়েছি। কিন্তু হিসাবরক্ষণ কার্যালয় থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রকল্পের কাগজপত্র পাঠানোর সার্ভার বন্ধ থাকায় ওই কার্যালয় রাত ১২টার পরে কোনো কাগজপত্র জমা দিতে পারেনি। এ জন্য ভোলা সদরের ৩৪টি প্রতিষ্ঠানের নয় লাখ ৫২ হাজার টাকা আবার ফেরত গেছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ভোলা হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাব নিরীক্ষক মো. আবদুল হান্নান জানান, ৩০ জুন রাত ১২টা পাঁচ মিনিট পর্যন্ত তাঁরা কাজ করেছেন। কিন্তু ওই সময়েও ভোলা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাগজপত্র জমা দেননি।