পিআইওর নির্দেশে ভাঙা হলো ভালো কালভার্ট
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মাঠে ভালো একটি কালভার্টের অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় লোকজনের বাধায় বাকি অংশ না ভেঙে ফেরত গেছেন এ কাজে নিযুক্ত শ্রমিকেরা।
স্থানীয় বীজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহাম্মদ পল্টু মিয়া বলেন, বীজনগর-নওদাপাড়া ক্যানেলের উত্তর পাশে ত্রাণের নতুন সেতু নির্মাণ করার কথা আছে। কিন্তু উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আবদুল কাইয়ুম খানের নির্দেশে ঠিকাদার ওই স্থানে সেতু নির্মাণ না করে গত শনিবার থেকে পাশের মাঠের মধ্যে সচল একটি কালভার্ট ভাঙতে শুরু করেন। সেখানে সেতু বানাবেন তাঁরা। তবে স্থানীয় লোকজন বাধা দেওয়ায় ঠিকাদারের লোকজন গত সোমবার কালভার্ট ভাঙার কাজ ফেলে চলে যান।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, এখানে সেতু করার কোনো দরকার নেই। যেটা আছে, সেটা খুবই মজবুত ছিল। ভালো কালভার্ট ভেঙে ফেলায় লোকজন দুর্ভোগে পড়েছে। ঠিকাদার ও পিআইও টাকা হাতিয়ে নিতেই এ কাজ করছেন। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই কালভার্টের পাশে অবস্থিত খালের ওপর চলতি অর্থবছরেই ত্রাণের সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। এ জন্য কয়েক মাস আগে দরপত্র আহ্বান করা হয়। মেসার্স ইউনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন কাজ পান। এ জন্য ব্যয় ধরা হয় ২০ লাখ টাকা। ৩০ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রকল্পের সঠিক স্থানে কাজ শুরু করেননি।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় পরিচয় দিয়ে পিআইও কাইয়ুম খান এখানে প্রভাব খাটিয়ে সবকিছু করেন। তিনি নিজের ইচ্ছেমতো কাজ করেন। উপজেলা প্রশাসনের কাউকে তোয়াক্কা করেন না।
অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান গত সোমবার বিকেলে ও এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন উর রশীদ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। দুজনই সাংবাদিকদের বলেন, পুরোনো কালভার্টটি চলাচলের উপযোগী ছিল। কালভার্টটি ভাঙার যৌক্তিকতা ছিল না।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবদুল কাইয়ুম খানের কার্যালয়ে গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে তিনি প্রথমে রেগে যান। তিনি তথ্য অধিকার আইনে আবেদন করে সবকিছু জানতে বলেন। একপর্যায়ে কাইয়ুম বলেন, কালভার্টটি পুরোনো হয়ে গেছে। তাই ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। পাশে অন্য স্থানে সেতু নির্মাণের কথা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আর এলজিইডি প্রকৌশলী কী বলল, সেটা তার ব্যাপার।’