পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় গত বছরের বরাদ্দ করা গ্রামীণ অবকাঠামো সংস্কার (টেস্ট রিলিফ—টিআর) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাজের বিনিময়ে খাদ্য—কাবিখা) এবং চলতি বছরের ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে। এ ঘটনায় গত রোববার থেকে তদন্ত শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে উপজেলার সাতটি ইউনিয়নের টিআর প্রকল্পের প্রথম পর্যায়ে ৩৯টি প্রকল্পের জন্য ১২০ মেট্রিক টন চাল, দ্বিতীয় পর্যায়ে ৫৬টি প্রকল্পের জন্য ৩৪ লাখ ৩ হাজার ৫৭৭ টাকা এবং কাবিখা কর্মসূচির আওতায় ২২টি প্রকল্পের জন্য ৩৩ লাখ ৫৩ হাজার ৫৭৭ টাকা বরাদ্দ দেওয়া হয়। এসব প্রকল্পের অধিকাংশই বাস্তবায়ন করা হয়নি। বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক সমালোচনা হয়। পরবর্তী সময়ে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে গত রোববার থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তদন্ত শুরু করেন।
উপজেলার এনায়েতপুর উত্তরপাড়া মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমিন সরকার সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘টিআর দ্বিতীয় পর্যায়ের বরাদ্দের ৩৬ নম্বর প্রকল্পের আওতায় এনায়েতপুর উত্তরপাড়া হাজি নছিমুদ্দিনের বাড়ির কাছে মসজিদ সংস্কার এবং সোলার প্যানেল স্থাপনে ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। এই টাকা উত্তোলন করতে পিআইও রেজাউল করিম ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। মসজিদের টাকা দুর্নীতি হবে, এ কারণে ওই টাকা আমরা গ্রহণই করিনি।’
এ ছাড়া ৩০ নম্বর প্রকল্পের আওতায় খাসপুখুরিয়া মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণ পাঠাগার সংস্কার, ২৯ নম্বর প্রকল্পের আওতায় খাসপুখুরিয়া দক্ষিণ পাড়া নজরুল সরকারের বাড়ির মক্তব সংস্কার ও সোলার প্যানেল স্থাপনের কোনো কাজ হয়নি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। টিআর প্রকল্পের প্রথম পর্যায়ের একটি প্রকল্প কমিটির সঙ্গে যুক্ত আশরাফ আলী বলেন, বরাদ্দ করা ৫০ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তিতে ১৮ হাজার টাকা পাওয়া গেছে। এর মধ্যে অফিস ৭ হাজার টাকা কমিশন নিয়েছে। আর অর্ধেক টাকায় সোলার প্যানেল দেওয়ার কথা থাকলেও এখনো দেওয়া হয়নি। এই সব কাজই পিআইও রেজাউল করিম এককভাবে করেছেন।
উপজেলা প্রশাসনের একটি সূত্র এবং নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি বলেছেন, দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ শূন্য। এই সুযোগ নিয়ে পিআইও রেজাউল করিম টিআর-কাবিখাসহ ৪০ দিনের কর্মসূচি তাঁর ইচ্ছেমতো পরিচালনা করছেন। ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে ১৫ শতাংশ করে টাকা কেটে রেখে বিল দিচ্ছেন। তা ছাড়া কাগজে-কলমে প্রকল্প থাকলেও বাস্তবে অনেক প্রকল্পের কাজই করা হয়নি। এসব প্রকল্পের টাকা কৌশলে উত্তোলন করে তিনি আত্মসাৎ করেছেন।
গতকাল সোমবার জানতে চাইলে ইউএনওর গোপনীয় শাখার সহকারী আবুল হাসেম বলেন, ‘ইতিপূর্বের একাধিক মৌখিক ও লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা থেকে তদন্ত শুরু হয়েছে। আমি এ উপজেলায় নতুন যোগ দিয়েছি। এ কারণে আগের ঘটনা বিস্তারিত জানি না।’
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে রেজাউল করিম বলেন, ‘গত বছরের জুন মাসের শেষের দিকে সময় না থাকায় কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে ওই কাজগুলো সম্পন্ন করা হয়েছে। এলাকার কিছু কর্মকর্তা ও জনপ্রতিনিধি অন্যায়ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল হাসান বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আরও কয়েক দিন সময় লাগবে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে কোনো মন্তব্য করা ঠিক হবে না। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করা হবে।