পিআইওর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন তাঁর শ্বশুরের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন তাঁর স্ত্রী আফরোজা শানু।
আফরোজার বাবার বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায়। গতকাল লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, জামালপুরের সদর উপজেলার শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেন ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি আফরোজাকে বিয়ে করেন। বিয়ের সময় সাখাওয়াত কাঠালিয়ার পিআইও ছিলেন। কিছুদিন পর তিনি রৌমারী উপজেলায় বদলি হয়ে যান। ২০১২ সালের ১৮ আগস্ট সাখাওয়াত আফরোজার বাবা আতাহার মিয়ার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না পেয়ে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে সাখাওয়াত স্ত্রী ও মেয়ে মেহজাবীনকে (৪) অস্বীকার করে দ্বিতীয় বিয়ে করেন।
আফরোজা শানু জানান, তিনি ২৮ ফেব্রুয়ারি ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে সাখাওয়াতের বিরুদ্ধে মামলা করেন। হাজিরা দিতে এলে আদালত তাঁকে ঝালকাঠি জেলা কারাগারে পাঠান। গত ২৪ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাখাওয়াত কারাগারে ছিলেন। এরপর জামিন নিয়ে কর্মস্থল রৌমারীতে চলে যান। গত ৩১ অক্টোবর আফরোজা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সাখাওয়াতকে সাময়িক বরখাস্ত করার জন্য আবেদন করেন। কিন্তু এখনো তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়নি।
সাখাওয়াত হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনেই লাইনটি কেটে দেন। এরপর একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।