পিআইওসহ সাতজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে টিআরের চাল আত্মসাতের অভিযোগে সরিষাবাড়ী থানায় গত বুধবার ছয়টি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপপরিচালক মোস্তফা বোরহান উদ্দিন আহম্মদ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলাগুলো দায়ের করেন।
দুদক ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় আটটি প্রকল্পের বিপরীতে ৪৪ টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ দেওয়া চাল প্রকল্পগুলোর সভাপতিরা কাজ না করে আত্মসাৎ করেছেন। চাল আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ছয়টি মামলার মধ্যে পাঁচটিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মুনিরুল ইসলামসহ ছয়জনকে আসামি করা হয়েছে। বাকি পাঁচজন হলেন হেলাল উদ্দিন, বাবলু তরফদার, তোজাম্মেল হক, খোরশেদ আখন্দ ও রাশেদুল ইসলাম তরফদার। অপর মামলায় মানিক মিয়া নামের একজনকে আসামি করা হয়েছে। পিআইও ছাড়া বাকিরা বিভিন্ন প্রকল্প কমিটির সভাপতি। চাল আত্মসাতে প্রকল্প কমিটির সভাপতিদের সহায়তা করার অভিযোগে পিআইওকে আসামি করা হয়েছে।
সরিষাবাড়ীর তৎকালীন পিআইও সৈয়দ মুনিরুল ইসলাম দাবি করেন, ‘আমাকে হয়রানি করার জন্য এই মামলায় জড়ানো হয়েছে।’ তিনি চাল আত্মসাতে প্রকল্পের সভাপতিদের সহায়তা করার অভিযোগ অস্বীকার করেছেন।
৯ ও ১১ নম্বর প্রকল্পের সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘প্রকল্পের কাজ সঠিকভাবে করেছি। অন্যায়ভাবে আমার বিরুদ্ধে দুদক মামলা করেছে।’
মোস্তফা বোরহান উদ্দিন আহম্মদ জানান, প্রকল্প কমিটির সভাপতিরা কাজ না করে টিআরের বরাদ্দ আত্মসাৎ করেছেন। এ কারণে পিআইওসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।