পিআইবি আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার পর থেকে আইন ছাড়াই সরকারের নির্বাহী সিদ্ধান্তে চলছিল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। গতকাল সোমবার মন্ত্রিসভা প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আইনের খসড়া নীতিগত অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়া অনুমোদন পায়। একই বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১৯৭৬ সালের পর থেকে নির্বাহী সিদ্ধান্তে পিআইবি চলছিল। এর সব কার্যক্রম এখন এই আইনের আওতায় চলে আসবে। আইন অনুযায়ী, পিআইবিতে ১৫ সদস্যের পরিচালনা বোর্ড থাকবে। এই বোর্ডের মেয়াদ হবে দুই বছর। বোর্ডে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, জনসংযোগে দক্ষ ব্যক্তি ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি থাকবেন।
জানতে চাইলে পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর প্রথম আলোকে বলেন, আইনটি খুবই জরুরি ছিল। এটা না থাকায় নিয়োগ, পদোন্নতি ও পেনশনসহ বিভিন্ন কাজে সমস্যা হচ্ছিল। প্রতিষ্ঠানের জনবল কাঠামো ছিল না। ফলে বিভিন্ন রকম সমস্যা হয়েছে। আইন হওয়ার পর বিধি করা হলে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, ১৯৭৯ সালের অধ্যাদেশ দিয়ে বাসস পরিচালিত হচ্ছিল। শফিউল আলম বলেন, সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশ সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় অধ্যাদেশ অনুসরণ করে নতুন আইন করা হচ্ছে। তবে আইনে মৌলিক কোনো পরিবর্তন আসছে না।
গতকালের বৈঠকে ‘সার্ক যুব সনদ’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকের পর লোকসংগীতের পুরোধা মরমি কবি রাধারমণ দত্তের মৃত্যুর শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।