পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার পেলেন পাভেল রহমান
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ২০১৩ সালের পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার পেলেন বিশিষ্ট ফটো-সাংবাদিক পাভেল রহমান। ফটোসাংবাদিকতায় অবদানের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। পুরস্কার হিসেবে তিনি ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও একটি সনদ পাবেন। বর্তমানে তিনি প্রথম আলোর ফটো উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
১৯৫৬ সালে রংপুরে জন্ম পাভেল রহমানের। ১৯৭২ সালে সাপ্তাহিক একতায় তিনি ফটোসাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি সচিত্র সন্ধানী, সংবাদ, নিউ নেশনসহ বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে কাজ করেছেন। ১৯৮৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাজ করেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিতে।
দীর্ঘ কর্মজীবনে তাঁর আলোচিত ছবির মধ্যে রয়েছে মুন্সিগঞ্জের লঞ্চডুবিতে নিহতদের পায়ের ছবি (১৯৮২), উড়িরচরে মহামিলন শীর্ষক ছবি (১৯৮৫), স্বৈরাচার-বিরোধী আন্দোলনে নিহত নূর হোসেনের ছবি (১৯৯০), ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের ছবি, ২০০৭ সালের পাহাড়ধস ও ২০১১ সালে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার ছবি। এসব ছবির বেশির ভাগই দেশ-বিদেশে পুরস্কৃত হয়েছে। বিজ্ঞপ্তি।