পিআইবির প্রশিক্ষণ
‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ শীর্ষক সাংবাদিকদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার শুরু হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম সব সময়ই দুর্যোগপ্রবণ এলাকা। দুর্যোগ মোকাবিলায় এবং দুর্যোগ সম্পর্কে জনগণকে সচেতন করার কাজটি সাংবাদিকেরা করতে পারেন।
প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিআইবির উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, মহাপরিচালকের একান্ত সচিব শেখ সাইফুদ্দিন মিন্টু, সিডিএমসির অ্যাডভোকেসি ও কমিউনিকেশন অফিসার এ কে এম তারেকুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।
দুই পর্বের কর্মশালায় প্রশিক্ষণ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদ।