পিআইবির মহাপরিচালক পদে অসাংবাদিক নিয়োগ দেওয়ার প্রতিবাদ
প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) একজন অসাংবাদিককে মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে মর্মে অভিযোগ করেছে সাংবাদিকদের চারটি ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ইউনিয়ন নেতারা এই অভিযোগ করেন।পিআইবির মহাপরিচালক পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসকে তথ্য মন্ত্রণালয় এক বছরের জন্য পুনরায় নিয়োগ দিয়েছে।বিএফইউজে ও ডিইউজের নেতারা বলেন, তথ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয়কে সাংবাদিক সমাজ বারবার পিআইবিতে সাংবাদিকদের মধ্য থেকে একজনকে মহাপরিচালক হিসেবে নিয়োগের দাবি জানিয়ে আসছিল। প্রধানমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশও দিয়েছিলেন। কিন্তু একজন অসাংবাদিককে পুনরায় পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়ায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ।বিবৃতিতে সই করেন বিএফইউজের দুই অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, বিএফইউজের দুই অংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি ওমর ফারুক ও আবদুস শহীদ এবং সাধারণ সম্পাদক শাবান মাহমুদ ও মো. বাকের হোসাইন। বিজ্ঞপ্তি।