
পিইসি ও জেএসসি পরীক্ষা আয়োজনের যৌক্তিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পরীক্ষা ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করছে। বোর্ডের অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের এটি কাজে লাগবে। তিনি বলেন, এর মাধ্যমে লেখাপড়ার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের বাড়তি সচেতনতাও সৃষ্টি হয়েছে।
গণভবনে গতকাল বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে এই বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষার ফল গ্রহণের সময় প্রধানমন্ত্রী এই পরীক্ষা দুটির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান এসব পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
পিইসি ও জেডিসি পরীক্ষা ভবিষ্যতে হবে কি না, এ নিয়ে কিছুদিন আগে দেশে বিতর্কের অবতারণা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা সময়ে লোকজন এ ধরনের পরীক্ষা আয়োজনের পক্ষে ছিল না। তবে আমার মনে হয়, জনগণকে এসব পরীক্ষা আয়োজনের কারণটা বোঝাতে হবে।...আমি বুঝি না কেন তারা এর প্রয়োজনীয়তা বুঝতে পারছে না।’
আগের পদ্ধতিতে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্বল্পসংখ্যক মেধাবী শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পেত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান নিয়মে সব ছেলেমেয়েই পরীক্ষা দেবে।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী জনমত ও ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের স্থান কোনোদিন বাংলার মাটিতে হবে না। শিশুদের ছোটবেলা থেকেই বিষয়টি বোঝাতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের পথ কখনো ইসলামের পথ হতে পারে না। এ বিষয়টি সবাইকে বোঝানোর জন্য অভিভাবক, মসজিদের ইমাম, শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে অনুরোধ জানান তিনি।