পিইসি পরীক্ষায় বসতে গুনতে হচ্ছে দেড় হাজার টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষার সব বই সরকার থেকে বিনা মূল্যে দেওয়া হয়। সেই সঙ্গে দেওয়া হয় উপবৃত্তি। এতে শিক্ষার্থীদের পেছনে অভিভাবকদের সামান্যই খরচ হয়। অথচ রাজশাহীর চর এলাকার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে প্রায় দেড় হাজার টাকা গুনতে হচ্ছে।

চরে পিইসি পরীক্ষার কোনো কেন্দ্র না থাকায় পদ্মা নদী পার হয়ে রাজশাহী থেকে পরীক্ষা দিতে তাদের এই পরিমাণ টাকা বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জমা দিতে হচ্ছে। তাই অভিভাবকেরা চরের শিক্ষার্থীদের জন্য পিইসি পরীক্ষার উপকেন্দ্র করার দাবি তুলেছেন।

রাজশাহী শহরের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। এই নদীর দক্ষিণ পারে রয়েছে পবা উপজেলার তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীর ভাঙনে তারানগর বিদ্যালয়টি খানপুরে, নবীনগর বিদ্যালয়টি মাঝারদিয়াড় ও খিদিরপুর বিদ্যালয়টি মধ্যচরে স্থানান্তর করা হয়। এসববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের রাজশাহী শহরে এনে পিএসসি পরীক্ষা দেওয়ানো হয়। ১৯ নভেম্বর এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এই বিদ্যালয়গুলো থেকে এবার৪০ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এই শিক্ষার্থীদের পিইসি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার সময় রাজশাহী শহরে থাকা-খাওয়ার জন্য ১ হাজার ৪২০ টাকা, শিক্ষকদের উপহার বাবদ ৭০ টাকা, এক কেজি ডাল বা নগদ আরও ১০০ টাকা চাঁদা ধরা হয়েছে। সে হিসাবে একজন শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার ৫৯০ টাকা করে আদায় করা হচ্ছে। তবে কিছু শিক্ষার্থী টাকা জমা দিতে না পারায় পরীক্ষায় অংশ নিতে পারছে না।

নাম প্রকাশ না করার শর্তে তারানগর বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, মেয়েটির বাবা নেই। অনেক কষ্ট করে লেখাপড়া করানো হচ্ছে। এখন এত টাকা দিয়ে পরীক্ষা দেওয়ার চেয়ে মেয়ের বিয়ে দেবেন। এই টাকাতে বিয়ের খরচ অনেকটা এগিয়ে যাবে।

চরখিদিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবু আলম বলেন, যখন থেকে পিইসি পরীক্ষা শুরু হয়েছে, তখন থেকেই তাঁরা পবা ইউএনওর কাছে চরের শিক্ষার্থীদের জন্য একটি উপকেন্দ্র করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাঁদের কথা কেউ শুনছেন না।

এ ব্যাপারে তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার বলেন, চরে একটি উপকেন্দ্রের জন্য তাঁরা বলেছেন। কিন্তু তাঁদের বলা হয়, ৮-১০টি বিদ্যালয় নিয়ে একটি পরীক্ষা কেন্দ্র করা হয়। চরে এত বিদ্যালয় নেই। এ জন্য চরে কেন্দ্র করা সম্ভব নয়। তিনি মনে করেন, চরে পরীক্ষাকেন্দ্র হলে শিক্ষার্থীদের জন্য ভালো হতো। শিক্ষার্থীরা উৎসাহিত হতো।

চরের অভিভাবকদের উপকেন্দ্র করার দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, এ ব্যাপারে পিইসি পরীক্ষা কমিটির সভাপতি ইউএনওর সঙ্গে তিনি কথা বলেছেন।

জানতে চাইলে ইউএনও আলমগীর কবির প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন।