পিইসিতে কুমিল্লা জেলায় এবারও সেরা বুড়িচং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ১৬ উপজেলার মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) বুড়িচং উপজেলায় পাসের হার সর্বোচ্চ। এ বছর ওই উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ৯৫ শতাংশ। গতবার ওই উপজেলার শতভাগ শিক্ষার্থীই পাস করেছে।
পিইসিতে এবার জেলায় গড় পাসের হার ৯৯ দশমিক শূন্য ৬ শতাংশ। গতবারের চেয়ে পাসের হার এবার দশমিক ২০ শতাংশ কমেছে। জেলায় সর্বনিম্ন পাসের হার লাকসাম উপজেলায়। এখানে পাসের হার ৯৫ দশমিক ৪৫ শতাংশ। এবার জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৪৭ জন। এর মধ্যে বালক ৬ হাজার ৬৬ ও বালিকা ৮ হাজার ৫৮১ জন।
অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার জেলায় ৯৭ দশমিক ৩১ শতাংশ। বালক ৯৭ দশমিক ৪১ ও বালিকা ৯০ দশমিক ৫০ শতাংশ। সর্বোচ্চ পাসের হার আদর্শ সদর উপজেলায় ৯৮ দশমিক ৭৪ শতাংশ। আর সর্বনিম্ন দাউদকান্দি উপজেলায় ৯৪ দশমিক শূন্য ৬ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩২৮ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর পিইসির জন্য ১ লাখ ২৩ হাজার ৭৪৮ জন নাম নিবন্ধন করে। এর মধ্যে কৃতকার্য ১ লাখ ২২ হাজার ৬২২ ও অকৃতকার্য ১ হাজার ১২৬ জন।
কুমিল্লা জেলায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৭ হাজার ৫৪১ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে অকৃতকার্য হয় ৪১৩ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, গতবারের চেয়ে এ বছর পাসের হার সামান্য কমেছে। সেই সঙ্গে শহর ও গ্রামে পাসের হারের ব্যবধানও কমেছে।