জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পাশাপাশি এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন। প্রশাসন কাউকে সুবিধা দিতে এবারই প্রথম এই উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষক ও দুটি ছাত্রসংগঠনের নেতারা।
নির্বাচনের মনোনয়নপত্র আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে বিতরণ শুরু হবে। বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত জাকসু নির্বাচন কমিশনের কার্যালয় (ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্র, টিএসসি ভবন দোতলা) থেকে মনোনয়ন সংগ্রহ করা হবে। গতকাল সোমবার জাকসুর প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শাহনাওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের পদ্ধতি ও বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে।
ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা: কেন্দ্রীয় ছাত্রসংসদের ১ নম্বর ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সদস্য ও বিশ্ববিদ্যালয় যাঁদের প্রত্যক্ষভাবে শিক্ষা দেয়, তাঁরাই ভোটার ও প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ জন্য তাঁদের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও হলের সব দায়দেনা পরিশোধ করতে হবে। তবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ চলাকালে ভোটার হতে পারবেন না এবং নির্বাচন কমিশনের ভোটার তালিকা চূড়ান্ত করার পর আর কেউ অন্তর্ভুক্ত হতে পারবেন না।
গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এমফিল ও পিএইচডির ছাত্র, যাদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় পাস করতে হয় এবং ১০০ টাকা করে সংসদ ফি প্রদান করে এবং যারা পূর্ণকালীন ছাত্র, তারা বৈধ ছাত্র এবং ভোটার হওয়ার অধিকার সংরক্ষণ করে। এই আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত অনুয়ায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র—যারা ধারাবাহিকভাবে (যাদের শিক্ষাজীবনে ছেদ ঘটেনি) অধ্যয়নের সূত্রে এমফিল ও পিএইচডিতে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ছাত্রত্ব বজায় রেখেছে, তারা ভোটার হিসেবে গণ্য হবে। এই ছাত্ররা একই কারণে প্রার্থী হতে পারবে।’
এর আগের জাকসু নির্বাচনে এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরা অংশ নিতে পারতেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক মুহাম্মদ হানিফ আলী ও সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান, ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ ভূঁইয়া, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি তন্ময় ধর ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। তাঁরা বলেছেন, কাউকে বিশেষ সুবিধা দিতে প্রশাসন ওই উদ্যোগ নিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রায় ২০ বছর আগে সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছে। এখন স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন আসবে। তবে নিয়ম মেনেইে আচরণবিধি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে কারও অভিযোগ থাকলে হাইকোর্টে রিট করতে পারেন।
মনোনয়নপত্র দাখিল বাছাই প্রত্যাহার: ২৬ নভেম্বর সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র প্রার্থীর সম্মতিসহ যথারীতি প্রস্তাবিত ও সমর্থিত হতে হবে। প্রার্থী, মনোনয়নের প্রস্তাবক ও সমর্থককে অবশ্যই চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত বৈধ ভোটার হতে হবে। কোনো প্রার্থী একাধিক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কোনো প্রস্তাবক ও সমর্থক একই পদের জন্য একাধিক প্রার্থীকে প্রস্তাব ও সমর্থন করতে পারবেন না।
১ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের কাউন্সিল কক্ষে মনোনয়নপত্র বাছাই করা হবে। ৫ ডিসেম্বর নির্বাচন কমিশন কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রাথমিক প্রার্থী তালিকা টাঙিয়ে দেওয়া হবে। ৮ ডিসেম্বর সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৫ ডিসেম্বর বিকেল চারটার পর বিভিন্ন পদে নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হবে।
ভোট গ্রহণ: ২ জানুয়ারি সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে। এ জন্য ভোটারদের পরিচয়পত্র বা লাইব্রেরি কার্ড সঙ্গে আনতে হবে এবং তা ভোটকেন্দ্রে নির্বাচন কর্মকর্তার কাছে দেখাতে হবে। এরপর সিনেট ভবনে (জাকসুর) ভোট গণনা শুরু হবে।