পিএইচডিধারী বনাম স্বাক্ষরজ্ঞান
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তাঁদের মধ্যে স্বাক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থী আছেন দুজন, এসএসসি পাস দুজন, এইচএসসি পাস একজন, বিএসএস পাস একজন ও পিএইচডিধারী প্রার্থী রয়েছেন একজন। প্রার্থীদের দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।মেয়র পদপ্রার্থীদের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক গাজী আবু বকর সিদ্দিকী স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আবুল খায়ের স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান ভূঁইয়া এসএসসি পাস, উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মো. খোরশেদ আলম এইচএসসি পাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান বিএসএস পাস ও চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি গোলাম মুহম্মদ রাব্বানী পিএইচডি ডিগ্রিধারী। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন মো. মিজানুর রহমান এবং বিএনপি-সমর্থিত প্রার্থী হলেন গোলাম মুহম্মদ রাব্বানী। ভোটাররা জানিয়েছেন, পিএইচডিধারী প্রার্থীর সঙ্গে স্বাক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীর লড়াই হবে।জানতে চাইলে গোলাম মুহম্মদ রাব্বানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর ২০০৩ সালে আমেরিকা যাই। সেখানে “বিশ্বায়নের যুগে গ্রামীণ বাজারে প্রভাব” শিরোনামের পিএইচডি করি। এলাকার মানুষের উন্নয়নের জন্য প্রার্থী হয়েছি। একটি মাদকমুক্ত শিক্ষিত সমাজ গড়াই আমার লক্ষ্য।’