সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৬ জন। এর মধ্যে ১২ জনই ‘স্বশিক্ষিত’। আছেন অষ্টম শ্রেণি পাস দুজন। পাঁচজন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করা প্রার্থী রয়েছেন। তবে পিএইচডি ডিগ্রি অর্জনকারী তিনজন প্রার্থীও আছেন।
সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন বলেন, সাংসদ নির্বাচিত হয়ে তাঁরা দেশের আইন প্রণয়ন করবেন। কিন্তু তাঁদের নিজেদের যদি শিক্ষার এমন বেহাল দশা হয়, তাহলে তাঁরা আইন তৈরিই করবেন কীভাবে? নিদেনপক্ষে স্নাতক পাস না হলে কেউ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, এমন নীতিমালা তৈরি করা প্রয়োজন।
সিলেট-১ আসন
মহানগর ও সদর নিয়ে গঠিত আসনে ১১ জন প্রার্থীর মধ্যে একজন স্বশিক্ষিত। তিনি জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী। সর্ব্বোচ্চ শিক্ষায় শিক্ষিত আওয়ামী লীগের এ কে আবদুল মোমেন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বিএনপির হয়ে মনোনয়ন দাখিলকারী দুজনের মধ্যে ইনাম আহমদ চৌধুরী এলএলবি এবং খন্দকার আবদুল মুক্তাদীর এমএসএস পাস। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী তাকমিল ফিল হাদিস, ইসলামী ঐক্যজোটের মুহাম্মদ ফয়জুল হক দাওরায় হাদিস এবং মাওলানা নাসির উদ্দিন তাকমিল ফিল হাদিস পাস। বাসদ-মার্ক্সবাদীর নেতা উজ্জ্বল রায় বিকম (সম্মান) পাস। বাসদের প্রার্থী প্রণব জ্যোতি পাল ও আনোয়ার উদ্দিন বোরহানাবাদী বিএ পাস। ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ উচ্চমাধ্যমিক পাশ।
সিলেট-২ আসন
বিশ্বনাথ ও ওসমানীনগরে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আমির উদ্দিন ও গণফোরামের মোকাব্বির খান স্বশিক্ষিত। স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের পড়াশোনা অষ্টম শ্রেণি পর্যন্ত। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোশাহিদ খান মাধ্যমিক ও বাংলাদেশ পিপলস পার্টির মনোয়ার হোসাইন উচ্চমাধ্যমিক পাস। স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সরদার পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরীর আছে ডিপ্লোমা-ইন-ল ডিগ্রি। বিএনপির তাহসিনা রুশদীর এমএসএস ও আবরার ইলিয়াস এলএলবি (স্নাতক) পাস।
সিলেট-৩ আসন
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে প্রার্থী ১৩ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ও জমিয়তে উলামায়ে ইসলামের নজরুল ইসলাম স্বশিক্ষিত। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন ইসলামী আন্দোলনের এম এ মতিন বাদশা। বিএনপির এম এ হক এবং জাতীয় পার্টির মোহাম্মদ তোফায়েল আহমদ মাধ্যমিক পাস। জাতীয় পার্টির আরেক প্রার্থী উছমান আলী উচ্চমাধ্যমিক পাস। বিএনপির প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী আবদুল ওদুদ বিএ পাস। আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ মাহমুদ–উস–সামাদ চৌধুরী এমবিএ, বিএনপির আবদুস সালাম এমএসএস ও আবদুল কাইয়ুম চৌধুরী এমকম পাস।
সিলেট-৪ আসন
আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত এই আসনে। এঁদের মধ্যে হচ্ছেন জাতীয় পার্টির আহমেদ তাজ উদ্দিন তাজ রহমান ও এম ইসমাইল আলী আশিক স্বশিক্ষিত। আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ ইমরান আহমদ স্নাতক (সম্মান) পাস। বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিম স্নাতক এবং সামসুজ্জামান জামান বিএ পাস।
সিলেট-৫ আসন
জকিগঞ্জ ও কানাইঘাট মিলে এ আসনে প্রার্থী ১২ জন। এর মধ্যে তিনজন প্রার্থী স্বশিক্ষিত। এঁরা হচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের উবায়দুল্লাহ ফারুক, বিএনপির শরীফ আহমদ লস্কর ও স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনির চৌধুরী। মাধ্যমিক উত্তীর্ণ দুজন প্রার্থী হচ্ছেন ইসলামী ঐক্যজোটের এম এ মতিন চৌধুরী ও স্বতন্ত্র মো. শহিদ আহমদ চৌধুরী। ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল আমিন উচ্চমাধ্যমিক এবং আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার আইএসসি পাস। বিএনপির হয়ে মনোনয়নপত্র দাখিলকারী জামায়াতের নেতা ও সাবেক সাংসদ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী কামিল পাস। স্বতন্ত্র প্রার্থী বাহার উদ্দিন আল রাজী এমএ ও স্বতন্ত্র প্রার্থী আহমদ আল ওয়ালী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
সিলেট-৬ আসন
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ নিয়ে গঠিত আসনে ১০ প্রার্থীর মধ্যে দুজন স্বশিক্ষিত। এঁরা হচ্ছেন বিএনপির হেলাল খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আজমল হোসেন। বিএ পাস করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিএনপির ফয়সল আহমদ চৌধুরী ও ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ আবদুর রকিব। স্নাতক (সম্মান) পাস বিকল্পধারার সমশের মবিন চৌধুরী ও জাতীয় পার্টির সেলিম উদ্দিন। বিএনপির দলীয় মনোনয়ন দাখিলকারী জামায়াত নেতা মাওলানা হাবীবুর রহমান কামিল পাস। জমিয়তে ইলামায়ে ইসলাম বাংলাদেশের আসআদ উদ্দিন আল মাহমুদ দাওরায়ে হাদিস পাস।