পিএইচপি গাড়ির বিক্রয়োত্তর সেবা দেবে রহিমআফরোজ
এ বছরের শেষে মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন শুরু করবে চট্টগ্রামের পিএইচপি মোটর লিমিটেড। গ্রাহকেরা যাতে এই গাড়ির বিক্রয়োত্তর সেবা পান সে জন্য রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে পিএইচপি।
গত রোববার চট্টগ্রামের আগ্রাবাদে পিএইচপি হাউসের সম্মেলনকক্ষে পিএইচপি মোটর লিমিটেডের সঙ্গে রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের এ-সংক্রান্ত চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী সারা দেশে ১০টি সেবাকেন্দ্র থেকে গ্রাহকেরা পিএইচপির গাড়ির বিক্রয়োত্তর সেবা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, পরিচালক মো. আলী হোসেন ও পিএইচপি মোটরের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার পারভেজ, রহিমআফরোজের চিফ অপারেটিং অফিসার আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।