পিএইচপি শিপইয়ার্ড পরিদর্শনে আইএমও মহাসচিব
আন্তর্জাতিক নৌ সংস্থার নীতিমালা অনুসরণ করায় পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড হতে পারে কার্যকর মডেল। সবগুলো ইয়ার্ড যদি এই মান অর্জন করে, তাহলে এ শিল্পের বিকাশের পথে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতিবাচক ধারণা অচিরেই দূর হবে।
গত সোমবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অবস্থিত পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) মহাসচিব কিতাক লিম। এ সময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন প্রমুখ।
শিপইয়ার্ডে আইএমও মহাসচিবকে স্বাগত জানান ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। এ সময় জাহাজভাঙার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন তিনি। আইএমও মহাসচিব প্রতিনিধিদল নিয়ে ইয়ার্ডের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
আইএমও মহাসচিব আরও বলেন, মধ্যম আয়ের দেশে জাহাজভাঙা শিল্পের প্রয়োজন রয়েছে, তবে তা হতে হবে পরিবেশবান্ধব। গত এক দশকে এ শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিজ্ঞপ্তি