পিএফসিএলের প্রতারণায় ২২০০ গ্রাহক সর্বস্বান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে প্রিমিয়ার ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পিএফসিএল) নামের একটি প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়েছেন দুই হাজার ২০০ গ্রাহক। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ২০ কোটি টাকার আমানত নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উচ্চ মুনাফার লোভে ইয়াসমিন বেগম নামে এক গৃহবধূ সাড়ে ছয় লাখ টাকা জমা রেখেছিলেন ওই প্রতিষ্ঠানে। সেখান থেকে পাওয়া মাসিক মুনাফার টাকায় ছেলেমেয়ের লেখাপড়া ও সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু ছয় মাস ধরে তিনি আর মুনাফা পাচ্ছেন না। আর এখন তো আসল টাকা পাওয়া নিয়েই শঙ্কায় আছেন।মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বালা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসরে যান এক বছর আগে। অবসর ভাতার পাঁচ লাখ টাকা তিনি ওই প্রতিষ্ঠানে জমা রেখেছিলেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উধাও হয়ে যাওয়ার খবর শুনে ২৩ জুন তিনি হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁর ছেলে প্রদীপ বালা জানান, এখন তাঁকে টিউশনি করে নিজের লেখাপড়া ও সংসার চালাতে হচ্ছে।গ্রাহকদের আমানত আদায় কমিটি সূত্রে জানা গেছে, ২০০৮ সালে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে প্রতিষ্ঠানটি একটি ভাড়া বাড়িতে কার্যালয় খুলে বসে। সংস্থাটির কর্মকর্তারা উচ্চ মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ শুরু করেন। তাঁরা গ্রাহকদের চার বছরে দ্বিগুণ এবং এক লাখ টাকায় মাসে ১৫০০ টাকা লাভ দেওয়ার কথা বলে আমানত সংগ্রহ শুরু করেন। এক বছর ধরে প্রতিষ্ঠানটি মাসিক মুনাফার টাকা পরিশোধ নিয়ে টালবাহানা শুরু করে।কমিটির সভাপতি রফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট সামসুল ইসলাম ওরফে বাদশা মোল্লা, গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক হারান চন্দ্র বিশ্বাস, সহকারী ব্যবস্থাপক আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ শাহিনা শারমিন ও কয়েকজন মাঠ কর্মকর্তা তাঁদের স্বজনদের এখানে মোটা বেতনে চাকরি দিয়েছিলেন। সম্প্রতি তাঁরা বিধি বহির্ভূতভাবে গোপালগঞ্জ শাখা থেকে সাড়ে আট কোটি টাকা ঢাকার প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তাঁরা এলাকা থেকে উধাও হয়ে যান। এর পর থেকে গ্রাহকেরা তাঁদের ২০ কোটি টাকা ফেরত পাওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন।সামসুল ইসলামের বাড়ি সদর উপজেলার বরফা, হারান চন্দ্র ও আনোয়ারুলের বাড়ি বেদগ্রাম এবং শাহিনা শারমিনের বাড়ি শহরের ব্যাংকপাড়ায়। সামসুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। হারান পরিবারসহ ভারত এবং আনোয়ারুল ও শাহিনা ঢাকা চলে গেছেন বলে জানা গেছে।সমবায় অধিদপ্তরের ঢাকা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে প্রতিষ্ঠানটি এ অধিদপ্তর থেকে নিবন্ধন নেয়। ওই সময় তারা রাজধানী ঢাকায় ছয়টি এবং ঢাকার বাইরে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে আরও ছয়টি শাখা খুলে কার্যক্রম চালানোর অনুমোদন নেয়। কিন্তু শাখাগুলোতে লেনদেনে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় পরিচালনা কমিটি বিলুপ্ত করেছে সমবায় অধিদপ্তর। প্রতারিত গ্রাহকদের আমানত ফিরিয়ে দিতে গত মে মাসে অধিদপ্তরের উপনিবন্ধক (ব্যাংক ও বিমা) আমীর আযমকে সভাপতি করে ১২ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি করে দেওয়া হয়েছে। সারা দেশে প্রতিষ্ঠানটির ১৩টি শাখায় এ কমিটি গঠন করা হয়।আমীর আযম বলেন, ‘প্রতিষ্ঠানটির ১২টি শাখা থেকে টাকা আত্মসাতের অভিযোগ পেয়ে আমরা ওদের কেন্দ্রীয় কমিটি বাতিল করে দিয়েছি। গ্রাহকদের মামলা করার জন্য পরামর্শ দিয়েছি। আমরা এখন ওই প্রতিষ্ঠানের কেনা সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকদের আসল টাকা ফেরত দেওয়ার জন্য কাজ করছি।’