চট্টগ্রামের শাহ আমানত সেতুর পাশে অস্থায়ী বাস টার্মিনালে গতকাল শুক্রবার হঠাৎ করে গণপরিবহনের সংকট দেখা দেয়। দক্ষিণ চট্টগ্রামের পিএবি সড়কের বরকল, ছত্তারহাট, বৈলতলী ও বাঁশখালীর যাত্রাপথে বাসের সংখ্যা ছিল কম। তাই কনকনে শীতের মধ্যে সাধারণ যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হয়।পরিবহনশ্রমিকদের দাবি, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বনভোজন ও বিয়ের অনুষ্ঠানের কারণে বেশ কিছু বাস রিজার্ভ চলে যায়। এ কারণে পিএবি সড়কে বাসের সংকট দেখা দেয়। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সংকট অব্যাহত ছিল।পিএবি বাস মালিক সমিতির সভাপতি মো. জাফর উদ্দিন বলেন, এমনিতে পিএবি সড়কের বিভিন্ন রুটে বাসের সংখ্যা কম (৬০টির মতো হতে পারে), তার মধ্যে বেশ কিছু বাস রিজার্ভ চলে গেছে। তাই সংকট দেখা দেয়। এদিকে বাসের সংকটের কারণে পিএবি সড়কের বিভিন্ন মোড়ে ছিল মানুষের ভিড়। দীর্ঘক্ষণ পর একটি বাস দেখলে সবাই হুমড়ি খেয়ে পড়ে তার ওপর। বাস-সংকটের সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোতেও ছিল ভিড়, ঠেলাঠেলি। এ কারণে নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক ভাড়াও গুনতে হয়েছে যাত্রীদের।পরিবহনশ্রমিকেরা জানান, চট্টগ্রাম থেকে বরমা ও বৈলতলীর যাত্রাপথে ২৫-৩০ মিনিট অন্তর একটি করে বাস ছাড়া হয়। গাড়ির সংখ্যা কমে যাওয়ায় গতকাল ৩০ মিনিটের পরিবর্তে এক থেকে দেড় ঘণ্টা পর ছাড়া হয়।বরমা ও বৈলতলীগামী কাউন্টারের টিকিট বিক্রেতা মোহাম্মদ মোক্তার প্রথম আলোকে বলেন, বরকল ও বৈলতলীর যাত্রাপথে গড়ে প্রতিদিন ৪০-৪৫টি গাড়ি যাত্রী পরিবহন করে। গাড়ির সংকটের কারণে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৭টি গাড়ি দিয়ে যাত্রী পরিবহন করা হয়, যে কারণে ভোগান্তি বেড়েছে।আনোয়ারাগামী যাত্রী হোসনে আরা তাঁর দুই মেয়ে নিয়ে গতকাল বেলা সাড়ে তিনটা থেকে শাহ আমানত অস্থায়ী বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছিলেন। গতকাল সাড়ে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করে তিনি বাড়ির উদ্দেশে যাত্রা করতে পারেননি।হোসনে আরা বলেন, ‘বাস না এলে আমি ও আমার দুই মেয়ে বাড়িতে যেতে পারব না।’ গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁকে টার্মিনালে বসে থাকতে দেখা গেছে। তাঁর সঙ্গে আরও শত শত যাত্রী কনকনে শীতের মধ্যে শাহ আমানত অস্থায়ী টার্মিনালের কাছে অপেক্ষা করছিলেন।