পিএসসি পরীক্ষা বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এই দাবিতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার বেলা একটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

কর্মসূচি হচ্ছে ৬ জানুয়ারি থেকে সারা দেশে গণসংযোগ ও শিক্ষক-অভিভাবক এবং শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংগ্রহ, ২৮ জানুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনা, ১ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পাবলিক বিশ্ববিদ্যালয় কনভেনশন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার বলেন, পঞ্চম শ্রেণি শেষে পাবলিক পরীক্ষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই পরীক্ষা শিশুর মানসিক চাপ সৃষ্টি করে। স্বাভাবিক বিকাশে বাধা দেয়। পরীক্ষায় ভালো করার জন্য খেলাধুলা-বিনোদন বাদ দিয়ে পড়াশোনা শিশুমনে শিক্ষার প্রতি বিরূপ প্রভাব ফেলে। এ ছাড়া এই পরীক্ষার কারণেই কোচিং সেন্টারগুলোর রমরমা ব্যবসা আরও বাড়ছে। সংবাদ সম্মেলনে আট বছরমেয়াদি প্রাথমিক শিক্ষাক্রম তৈরি, সৃজনশীল পদ্ধতিতে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া ও প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবি জানান তিনি।

এ ছাড়া সংবাদ সম্মেলনে ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদনের সুপারিশমালা বাতিল ও বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারিক, সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী প্রমুখ।