পিএসসি পাসের পর ৩৯ হাজার শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চরাঞ্চলের প্রায় ৩৯ হাজার শিক্ষার্থী ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) পাস করেছে। উচ্চবিদ্যালয়ের অভাব, যোগাযোগের অসুবিধা ও দারিদ্র্যের কারণে এসব শিক্ষার্থীর অধিকাংশই ঝরে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খেওয়ার আলগার চর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১১ সালের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পায় আরিফা খাতুন। তার বাড়ি দেবাড়ী খোলার চর। বাবা আজিজুল হক পেশায় জেলে। আরিফার মা মাজেদা বেগম দুঃখ করে বলেন, ‘মেয়েটার মাথা খুব ভালো আছিল। ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রতি ক্লাসে ফার্স্ট হইছে। কাছাকাছি চরে হাইস্কুল নাই। এখন বিয়ে দিবার জন্য ছেলে খুঁজতাছি।’উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চেরাগের আলগা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফেলা বেগম জানান, ২০১১ সালে ১৬ জন পাস করার পর একটি মেয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। এখান থেকে আট কিলোমিটার দূরে গেন্দার আলগা উচ্চবিদ্যালয়। দীর্ঘ নদীপথ ও চর পাড়ি দিয়ে শিক্ষার্থীদের সেখানে যাওয়া সম্ভব নয়।সরকারি ও বেসরকারি তথ্যমতে, কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ ১৬টি নদ-নদী প্রবাহিত হয়েছে। এসব নদ-নদী এলাকায় ৪১০টি চর রয়েছে। জেলা প্রাথমিক ও মাধ্যমিক কার্যালয় সূত্রে জানা যায়, চরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২২৯টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২০টি। বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ১০৯টি। মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৫৬৮ জন। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১২ সালে সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৪০ হাজার ১৮২ জন। এর মধ্যে পাস করে ৩৮ হাজার ৮৭৪ জন। অথচ চরাঞ্চলে উচ্চবিদ্যালয় রয়েছে দুটি ও মাদ্রাসা একটি।সদর উপজেলার খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, এ বিদ্যালয় থেকে ২০১২ সালে ২৩ জন সমাপনী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য মাত্র চারজন সনদপত্র নিয়েছে। বাকিদের পড়ার সামর্থ্য বা সুযোগ নেই।মাঝি আলীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদাৎ আলী জানান, তাঁর বিদ্যালয় থেকে এবার সাতজন পরীক্ষা দিয়ে পাস করেছে পাঁচজন। এখন পর্যন্ত কেউ ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়নি। ঝুনকার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, তাঁর প্রতিষ্ঠান থেকে ১৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১ জন। এরা কেউ ভর্তি হয়নি।গোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, এ বিদ্যালয় থেকে ১২ জন সমাপনী পরীক্ষা দিয়ে পাস করেছে ১১ জন। তাদের পক্ষে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে দূরের উচ্চবিদ্যালয়ে গিয়ে ভর্তি হওয়া সম্ভব নয়।সরেজমিনে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খেওয়ার আলগার চরে দেখা যায়, বেশ কিছু ছেলেমেয়ে মাঠে গরু চরাচ্ছে। কেউ কেউ জমিতে কাজ করছে। আবার মেয়েরা সংসারের নানা কাজে ব্যস্ত। কথা বলে জানা গেল, এদের অধিকাংশই ঝুনকার চর এবং খেওয়ার আলগার চর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পঞ্চম শ্রেণী পাস করার পর উচ্চবিদ্যালয় না থাকায় লেখাপড়া বন্ধ করে দিয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুল ইসলাম জানান, কুড়িগ্রামে এত চর অথচ সেই তুলনায় উচ্চবিদ্যালয় নেই। ফলে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে পারছে না। সরকার সিদ্ধান্ত নিলে বিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে।