পিএসসি সংশোধন করে গ্যাসের দাম বাড়াবে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকে পাঁচ থেকে সাত টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস আছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি কনোকোফিলিপস। ব্লক দুটিতে পরিচালিত দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের তথ্য অনুযায়ী কোম্পানিটি এই দাবি করেছে। ওই গ্যাস উত্তোলন বিপুল ব্যয়সাপেক্ষ উল্লেখ করে কোম্পানিটি পিএসসি সংশোধন করে গ্যাসের দাম বাড়ানোর দাবিও জানিয়েছে।
তবে সরকার গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া পেট্রোবাংলা কনোকোফিলিপসের গ্যাস পাওয়ার দাবি আমলে নিচ্ছে না। কারণ হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের ভিত্তিতে কোথায় কী পরিমাণ গ্যাস পাওয়া যাবে, তা বলা সম্ভব নয়। গ্যাস পাওয়ার বিষয়টি কেবল অনুসন্ধান কূপ খননের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। কিন্তু কোম্পানিটি তা করেনি। তিনি বলেন, কনোকোফিলিপস দ্বিমাত্রিক ভূকম্পন জরিপও নিবিড়ভাবে করেনি। যা করেছে তা একধরনের ভূ-পদার্থিক পর্যবেক্ষণ, যার বৈজ্ঞানিক নাম ‘রিকনাইস্যান্স’।
পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, এ ছাড়া কনোকোফিলিপস ওই ব্লক দুটিতে অনুসন্ধানের পরবর্তী কার্যক্রম চালাতে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সকে যৌথ অংশীদার হিসেবে চেয়েছিল। এই অংশীদারত্বের জন্য বাপেক্সকে সাড়ে তিন কোটি (৩৫ মিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগ করতে হতো। কিন্তু দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে যত উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) হয়েছে, তার প্রতিটিতে বাপেক্সের ১০ শতাংশ ‘ক্যারিড ইন্টারেস্ট’ (বিনিয়োগ ও সরাসরি কাজে অংশ না নিয়েই মালিকানা) রয়েছে। তাই সরকার কনোকোফিলিপসের ওই প্রস্তাবে সাড়া দেয়নি।
এরপর কনোকোফিলিপস ১০ ও ১১ নম্বর ব্লকের পিএসসি সংশোধন করে গ্যাসের দাম বাড়ানোর দাবি জানায়। কারণ হিসেবে কোম্পানিটি সরকারকে জানায়, গভীর সমুদ্রের যেখানে তারা গ্যাসের সন্ধান পেয়েছে, তা খুব জটিল ভূতাত্ত্বিক কাঠামো। সেখান থেকে গ্যাস পাওয়ার সম্ভাবনা ২০ শতাংশ এবং তা উত্তোলন ও সরবরাহ করা হবে বিপুল ব্যয়সাপেক্ষ। পিএসসিতে গ্যাসের যে দাম নির্ধারিত আছে (প্রতি ইউনিট বা এক হাজার ঘনফুট পাঁচ মার্কিন ডলার), তাতে সে ব্যয় কুলাবে না।
দাম বাড়ানোর দাবি নিয়ে কনোকোফিলিপসের পক্ষ থেকে পেট্রোবাংলা ছাড়াও জ্বালানি মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হয়। এ দেশে কর্মরত বিদেশি কোম্পানিগুলোর অ্যাপেক্স সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সদস্যরা জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেও গ্যাসের দাম বাড়ানোর দাবি জানান। যুক্তি হিসেবে তাঁরা পার্শ্ববর্তী মিয়ানমার ও ভারত যে পিএসসিগুলো করেছে, তাতে গ্যাসের দাম (ক্ষেত্রবিশেষে আট থেকে দশ ডলার) বাংলাদেশের তুলনায় বেশি নির্ধারণের বিষয়টি উল্লেখ করেছেন।
সরকারি সূত্রগুলো জানায়, একপর্যায়ে সরকারের একাংশের মধ্যে কনোকোফিলিপসের দাবির বিষয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়। কেউ কেউ মনে করেন, পিএসসি সংশোধন করে গ্যাসের দাম বাড়িয়ে কনোকোফিলিপসকে দিয়ে গ্যাস আবিষ্কারের চেষ্টা করে দেখা উচিত। তাঁদের যুক্তি, এটা না করা হলে কনোকোফিলিপস ব্লক দুটিতে আর অনুসন্ধান না করে চলেও যেতে পারে। সে ক্ষেত্রে ব্লক দুটির জন্য আবার দর প্রস্তাব আহ্বান করে নতুন পিএসসি করতে অন্তত দুই বছর লাগবে। তা ছাড়া নতুন পিএসসিতে বাংলাদেশকেও গ্যাসের দাম কিছুটা হলেও বাড়াতে হবে।
সরকারের মধ্যে আরেক অংশ মনে করে, মাঝপথে পিএসসি সংশোধন করলে খারাপ নজির সৃষ্টি হবে। পরে দেশে কর্মরত অন্যান্য বিদেশি কোম্পানিও একই দাবি করতে পারে। তা ছাড়া পিএসসিতে গ্যাসের যে দাম নির্ধারণ করা হয়েছে, তা দেখে-শুনেই কনোকোফিলিপস কাজ করতে এসেছে। কিন্তু পিএসসি অনুযায়ী সব কাজ না করেই (প্রয়োজনে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ, অনুসন্ধান কূপ খনন প্রভৃতি) তারা দাম বাড়ানোসহ নানা দাবি তুলেছে। এসব দাবি না মানলে যদি তারা চলে যায় তাহলে ‘পারফরম্যান্স গ্যারান্টি’ হিসেবে তাদের যে অর্থ গচ্ছিত আছে, তা বাজেয়াপ্ত করার বিধান আছে।
এই পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, কনোকোফিলিপসের দাবি অনুযায়ী পিএসসি সংশোধন করে গ্যাসের দাম বাড়ানো হবে না। তবে নতুন পিএসসি তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। সেটি কীভাবে আরও প্রতিযোগিতামূলক করা যায়, সে বিষয়ে লক্ষ রাখা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিয়ানমার কিংবা ভারত পিএসসিতে বিদেশি কোম্পানির জন্য বাংলাদেশের চেয়ে কী কী সুযোগ-সুবিধা বেশি দিয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের চলতে হবে নিজস্ব হিসাব-নিকাশের ভিত্তিতে।’
কোম্পানির দাবি অনুযায়ী সরকার পিএসসি সংশোধন করে গ্যাসের দাম বাড়াতে রাজি না হলে কী করবেন, জানতে চাইলে কনোকোফিলিপস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টমাস জে আর্লে গত শনিবার প্রথম আলোকে বলেন, কনোকোফিলিপস বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চায়। তাঁরা ১০ ও ১১ নম্বর ব্লকের পিএসসির সীমাবদ্ধতা সম্পর্কে সরকারকে অবহিত করেছেন। এই পিএসসির আর্থিক শর্তাদি গভীর সমুদ্রে কাজ করার ক্ষেত্রে বাণিজ্যিকভাবে লাভজনক হবে না। সরকারকে এটা অনুধাবন করে ব্যবস্থা নিতে হবে।
টমাস আর্লে বলেন, গভীর সমুদ্রের ১২, ১৬ ও ২১ নম্বর ব্লকের জন্য সর্বশেষ পিএসসিতে যে আর্থিক শর্তাদি রয়েছে, তাঁরা চান ১০ ও ১১ নম্বর ব্লকের ক্ষেত্রেও সেই শর্তাদি প্রযোজ্য হোক। আর তাঁরা ১২, ১৬ ও ২১ নম্বর ব্লকের কাজ করতে পিএসসি স্বাক্ষরের জন্য সরকারের আহ্বানের অপেক্ষায় আছেন।