পিএসসি সদস্যের বাসায় হামলার চেষ্টা
সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য এমরান কবির চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসায় হামলা চালানোর চেষ্টা করেছে ২০ থেকে ২৫ জন যুবক। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। কবির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৩/সি ফুলার রোডের দোতলা বাসায় থাকেন। পারিবারিক সূত্র জানায়, গতকাল রাত পৌনে নয়টার দিকে ২০-২৫ জন তরুণ তাঁর বাসায় গিয়ে দরজা ধাক্কাতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে সেখানে পুলিশ এলে ওই যুবকেরা চলে যায়। ছাত্রলীগের কিছু নেতা-কর্মী অভিযোগ করেছেন, তাঁরা ৩০তম বিসিএসে চাকরির জন্য টাকা দিয়েছিলেন এমরান চৌধুরীকে। কিন্তু এবারের বিসিএসে ছাত্রলীগের কারোই চাকরি হয়নি। তাই ক্ষুব্ধ হয়ে ছাত্ররা এ কাজ করে।ঘটনার বিষয়ে জানতে চাইলে এমরান কবির চৌধুরী বলেন, ‘আমি ঘটনাটা দেখছি। কারা, কেন এ কাজ করেছে দেখি। প্লিজ এ বিষয়ে আর কোনো মন্তব্য নয়।’ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রাতে প্রথম আলোকে বলেন, ‘কিছু তরুণ ওই বাসায় গিয়ে দরজায় লাথি মেরে চলে গেছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।’