পিএসসি স্বাক্ষরে নিষেধাজ্ঞা প্রত্যাহার তেল-গ্যাস অনুসন্ধানে বাধা থাকল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের লক্ষ্যে উত্পাদন অংশীদারি চুক্তি (পিএসসি) স্বাক্ষরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের রায় দেন। একই সঙ্গে আদালত নীতিমালা প্রণয়ন করে চুক্তি স্বাক্ষরের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটটি খারিজ করে দেন।আদালতে পেট্রোবাংলার পক্ষে শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন এবং সরকারপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রাজ্জাক।ড. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন আদালত। ফলে পিএসসি স্বাক্ষরের ক্ষেত্রে আর বাধা নেই। তবে রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, এর আগে আদালত রুল জারি করেছিলেন। বৃহস্পতিবার তা খারিজ করে স্থলভাগে পিএসসি চুক্তি স্বাক্ষরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রায় দেওয়া হয়। নিষেধাজ্ঞার কারণে ৯-১০ বছর ধরে কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করা যাচ্ছিল না। রায়ের ফলে এখন চুক্তি স্বাক্ষরে আর কোনো বাধা থাকছে না।শুনানিতে অংশ নিয়ে সরকারপক্ষের আইনজীবীরা বলেন, তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য চুক্তি হওয়া সমীচীন। কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি হলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন সহজ হবে। এতে গ্যাস-সংকট কমবে। অন্যদিকে রিট আবেদনকারী পক্ষের আইনজীবীরা বলেন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে নীতিমালা প্রণয়ন করে পিএসসি যুক্ত করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায় দেন।