প্রেষণে নিয়োগ বন্ধসহ ১৫ দফা দাবি
পিএসসিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ চেয়ারম্যানের পদত্যাগ দাবি
১৫ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। দীর্ঘ সময় ধরে দাবিগুলোর বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় তাঁরা পিএসসির চেয়ারম্যানেরও পদত্যাগ দাবি করেন। পরে পিএসসির সচিবের আশ্বাসে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেন। তবে আগামী সোমবার বেলা ১১টার মধ্যে দাবি না মানলে আবার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। কর্মকর্তা-কর্মচারীরা জানান, সহকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন মা মলা বাতিল, প্রেষণে নিয়োগ বন্ধ ও প্রেষণে আনা কর্মকর্তাদের প্রত্যাহার, সহকারী পরিচালকের শূন্যপদে নিয়োগ, পরীক্ষা নিয়ন্ত্রকের পদটি যুগ্ম সচিবের পদমর্যাদায় উন্নীতকরণ, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ-প্রক্রিয়ায় স্বচ্ছতা, গাড়িচালকদের জবাবদিহি, নতুন ভবনে পিএসসির স্থানান্তরসহ ১৫ দফা দাবি জানিয়ে গত বছরের জুলাই মাসে পিএসসির চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়। গত ১০ মাসেও এসব বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তিনি।আন্দোলনকারীরা জানান, এর মধ্যে গতকাল সকালে প্রেষণে আসা একজন উপপরিচালক একজন জ্যেষ্ঠ সহকারী পরিচালকের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করেন। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে সকাল সাড়ে নয়টার দিকে পিএসসির ভেতরে বিক্ষোভ মিছিল শুরু করেন। তাঁরা এ সময় পিএসসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা তিন তলায় গিয়ে বৈঠকে বসেন পিএসসির সচিব চৌধুরী বাবুল হাসানের সঙ্গে। সচিব দাবিগুলো পিএসসির চেয়ারম্যানকে জানাবেন আশ্বাস দিয়ে দুই দিনের সময় চান। আন্দোলনকারীরা আবার নিচে এসে আলোচনায় বসেন। সেখানে সোমবার ১১টা পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত হয়। আন্দোলনকারীরা বিষয়টি মেনে নেন। তবে সোমবারের মধ্যে দাবি না মানলে চেয়ারম্যানকে পিএসসিতে আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দেন।আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, বর্তমান চেয়ারম্যান তাঁর পছন্দের লোকদের প্রেষণে এনে পিএসসিকে একটি স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত করছেন। এভাবে চললে পিএসসি ধ্বংস হয়ে যাবে। তাই এ চেয়ারম্যান না যাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। পিএসসির কর্মকর্তা-কর্মচারী পরিষদের সদস্য-সচিব আব্দুর রউফ প্রথম আলোকে বলেন, সচিবের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা সোমবার ১১টা পর্যন্ত সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে সাধারণ সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পিএসসির সচিব চৌধুরী বাবুল হাসান প্রথম আলোকে বলেন, তাঁদের যৌক্তিক দাবিগুলো চেয়ারম্যানকে জানানো হবে। পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন প্রথম আলোকে বলেন, সংস্থাপন মন্ত্রণালয় প্রেষণে লোক পাঠালে তাঁর কিছুই করার থাকে না। পিএসসি থেকে প্রেষণে লোক চাওয়া হচ্ছে বলেই লোক পাঠানো হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটা ঠিক না। নিজের পদত্যাগের দাবি সম্পর্কে তিনি বলেন, এমন দাবি অবান্তর।