পিএসসিতে ১ মার্চের মধ্যে শ্রুতিলেখকের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখক নিয়োগের জন্য আগামী ১ মার্চের মধ্যে আবেদন করতে হবে। ৬ মার্চ বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ পরীক্ষা হবে। গতকাল রোববার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে পিএসসির অনুমতি ছাড়া কোনো শ্রুতিলেখক গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর আবেদনের ভিত্তিতে পিএসসি থেকে অনুমোদিত শ্রুতিলেখককে ছবিসহ অনুমতিপত্র দেওয়া হবে। প্রতিবন্ধী প্রার্থীকে পরীক্ষার হলে সেই অনুমতিপত্র সঙ্গে আনতে হবে।
শ্রুতিলেখকের শিক্ষাগত যোগ্যতার সনদ, তিনটি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, শ্রুতিলেখক বর্তমানে অধ্যয়নরত থাকলে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি ও প্রার্থীর শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা-সংক্রান্ত চিকিৎসকের প্রত্যয়নপত্রসহ প্রার্থীকে আগারগাঁওয়ে পিএসসি সচিবালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর আবেদন করতে হবে।