পিএসসির উত্তরপত্রের গোপন কোড ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ
বরগুনার আমতলী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরের সামনে গতকাল বৃহস্পতিবার সকালে কয়েক শ শিক্ষার্থী-অভিভাবক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ সময় তাঁরা প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার ফলাফল স্থগিতের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আকতার ও আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের বিরুদ্ধে পিএসসি পরীক্ষার উত্তরপত্রের গোপন কোড নম্বর ফাঁস করার অভিযোগ এনে মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ সময় পিএসসি পরীক্ষার ফলাফল স্থগিতের দাবি জানিয়ে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে অভিভাবক নজরুল ইসলাম তালুকদার এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
অভিভাবক হারুন অর রশিদ মোল্লা অভিযোগ করেন, কয়েক বছর ধরে উত্তরপত্রের গোপন কোড নম্বর ফাঁসের মাধ্যমে আমতলী বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনৈতিকভাবে ভালো ফল ও বৃত্তি পাচ্ছে। এতে অন্য বিদ্যালয়ের মেধাবীরা বঞ্চিত হচ্ছে। মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সঞ্চারকলিপি দেন।
উত্তরপত্রের গোপন কোড ফাঁসের বিষয়ে ১০ ডিসেম্বর ‘শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, পিএসসির উত্তরপত্রের গোপন কোড ফাঁস’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জেসমিন আকতার মুঠোফোনে বলেন, ‘কোড ফাঁসের বিষয়ে আমি কিছুই জানি না। শিক্ষা বিভাগের চাকরি ছেড়ে দিয়েছি। কেন যে মানববন্ধন বা বিক্ষোভ হলো বুঝতে পারছি না।’
জিল্লুর রহমান বলেন, ‘আমার বিদ্যালয় ভালো ফল করে বলেই অন্যরা এই অভিযোগ করছেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিস সহকারী গাজী আশরাফ জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আকতার ১৮ ডিসেম্বর চাকরি ছেড়ে দিয়ে কর বিভাগে নতুন চাকরিতে যোগদান করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ বলেন, ‘এ বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি। তা ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।’