পিএসসির চেয়ারম্যান ও তিন সচিবকে উকিল নোটিশ
প্রতিবন্ধিত্বের কারণে কেন একজনকে বিসিএস পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে সংস্থাপন মন্ত্রণালয়, আইন ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তিন সচিব, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান, সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রককে উকিল নোটিশ দেওয়া হয়েছে। স্বপন চৌকিদার নামে একজন দৃষ্টিপ্রতিবন্ধীর পক্ষে এ নোটিশ দিয়েছে তিনটি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্লাস্ট ও এডিপি। গতকাল বৃহস্পতিবার এ নোটিশ দেওয়া হয়। নোটিশ জারির সাত দিনের মধ্যে পদক্ষেপ না নিলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। আবেদনকারীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার শাহরিয়ার শাকির নোটিশটি স্বাক্ষর করেন। নোটিশে বলা হয়, স্বপন চৌকিদার ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ২০০৯ সালে এলএলএম পাস করেন। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং আইনজীবী হিসেবে পেশা শুরু করেন। এরই মধ্যে তিনি ২৮তম বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেছিলেন।