পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের বেতন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত দ্য মেম্বারস অব দ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশনস অব সার্ভিসেস) সংশোধন অ্যাক্ট, ২০১২-এর খসড়া অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। আইনটি জাতীয় সংসদে পাস হলে পিএসসির চেয়ারম্যানের বেতন-ভাতা মন্ত্রিপরিষদ সচিবের সমপর্যায়ের হবে। একইভাবে পিএসসির সদস্যরা সরকারের সচিবের সমান বেতন পাবেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, খসড়াটি জাতীয় সংসদে উপস্থাপনের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ২ অক্টোবর ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ এবং ২ জানুয়ারি ‘জাতীয় সমাজসেবা দিবস’ পালনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে রাষ্ট্রীয় মালিকানার শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে ‘পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক (চাকরির শর্তাবলি) আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য গঠিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বোচ্চ পাঁচ হাজার ৬০০ টাকা এবং সর্বনিম্ন চার হাজার ১৫০ টাকা মূল বেতন ধরা হয়েছে। কমিশন নির্ধারিত কাঠামোটিকে আইনি রূপ দিতেই ওই আইনটি উপস্থাপন করা হয়েছে। আইনটি পাস হলে শ্রমিকেরা ২০০৯ সালের ১ জুলাই থেকে নতুন কাঠামোয় বেতন-ভাতা ও অন্যান্য প্রান্তিক সুবিধা পাবেন। তবে এসব সুবিধা তাঁদের দেওয়া হবে চার কিস্তিতে। ভিসা অব্যাহতি চুক্তিতে অনুসমর্থন: বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত ‘ভিসা অব্যাহতি’ চুক্তিতেও অনুসমর্থন দিয়েছে মন্ত্রিসভা। ২০১০ সালের আগস্টে স্বাক্ষরিত এ চুক্তির আওতায় কূটনৈতিক ও সরকারি পাসপোর্ট ব্যবহারকারী ব্যক্তিরা ভিসা ছাড়াই দুই দেশ সফরের সুযোগ পাবেন। মন্ত্রীদের সংসদে যাওয়ার নির্দেশ: সূত্র জানায়, বৈঠকের নির্ধারিত আলোচনা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী কেবল মন্ত্রিসভার সদস্যদের থাকার নির্দেশ দেন। তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, অনেক মন্ত্রী নিয়মিত সংসদে যান না। ফলে সাংসদদের নোটিশের জবাব ও প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তিনি বলেন, মন্ত্রিসভার সব সদস্যকে নিয়মিত সংসদে উপস্থিত থাকতে হবে। সংসদকাজে সবাইকে নিয়মিত হতে হবে। একই সঙ্গে তিনি সংসদ সদস্যদেরও নিয়মিত সংসদে যাওয়ার ওপর গুরুত্বরোপ করেন।