পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের বেতন বাড়াতে সংসদে বিল
সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়াতে জাতীয় সংসদে বিল উত্থাপিত হয়েছে। বিলে পিএসসির চেয়ারম্যানের বেতন-ভাতা মন্ত্রিপরিষদ সচিব এবং সদস্যদের বেতন-ভাতা সচিবদের সমান রাখার বিধান রাখা হয়েছে।এ-সংক্রান্ত ‘মেম্বারস অব দ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশন অব সার্ভিস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১২’ গতকাল মঙ্গলবার সংসদে উত্থাপন করেন সংসদের কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ অনুযায়ী গণকর্মচারীদের বেতন-ভাতা বেড়েছে। এ ছাড়া অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত পদধারীদের বেতন-ভাতাও বাড়ানো হয়েছে। এ অবস্থায় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।দুটি অধ্যাদেশ উপস্থাপন: এর আগে আইনমন্ত্রী শফিক আহমেদ সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী ‘গ্রামীণ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অধ্যাদেশ, ২০১২’ এবং ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০১২’ সংসদে উপস্থাপন করেন।