পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন আজ বিদায় নিচ্ছেন
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে আজ বুধবার বিদায় নিচ্ছেন সা’দত হুসাইন। ২০০৭ সালের ৯ মে পিএসসির ১২তম চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পিএসসির পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে দু-এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।সংবিধানের ১৩৯ অনুচ্ছেদ অনুযায়ী, ‘পিএসসির চেয়ারম্যান বা কোনো সদস্যের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে সে পর্যন্ত কমিশনের দায়িত্ব পালন করতে পারবেন।’ ৬৫ বছর পূর্ণ হওয়ায় সা’দত হুসাইন আজ বিদায় নিচ্ছেন।নানা অনিয়মের কারণে সরকার ২৭তম বিসিএসের প্রথম ফল বাতিল করে। সা’দত হুসাইন পিএসসিতে যোগ দেওয়ার পর আবার মৌখিক পরীক্ষা নিয়ে দ্বিতীয়বার ফল প্রকাশ করা হয়। ২৭তম ছাড়াও গত চার বছরে ২৮, ২৯ ও ৩০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। জারি করা হয়েছে ৩২তম বিসিএসের (বিশেষ) প্রজ্ঞাপন।গত চার বছরে পিএসসির বড় সফলতা কী—জানতে চাইলে গতকাল মঙ্গলবার সা’দত হুসাইন প্রথম আলোকে বলেন, ‘২৮, ২৯ ও ৩০—এই তিনটি বিসিএস পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দলীয়করণের বদলে মেধাবীরা নিয়োগ পেয়েছেন। এই মেধাবীরাই একদিন প্রশাসন চালাবেন। এ ছাড়া পিএসসির অনেক দুর্নাম ছিল। প্রায়ই প্রশ্নপত্র ফাঁস হতো। আর্থিক লেনদেন, দলীয়করণসহ নানা অভিযোগ ছিল। গত চার বছরে সবার সহযোগিতায় আমরা এই বদনাম থেকে বেরিয়ে আসতে পেরেছি।’পিএসসির নতুন চেয়ারম্যান কে হচ্ছেন—এ প্রশ্নের জবাবে বিদায়ী চেয়ারম্যান বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে যিনিই আসুন, পিএসসির ভাবমূর্তি উজ্জ্বল থাকুক। মেধাবীরা নিয়োগ পাক।’