পিকআপ উল্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপভ্যান উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী পৌর শহরের কমদতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জনাব আলী (৫৫), তাঁর স্ত্রী সালমা খাতুন (৪৫) ও তাদের সন্তান কেয়া (৪)। জনাব আলীর বাড়ি নারায়ণগঞ্জের পাগলায়। পরিবার নিয়ে জনাব আলী থাকতেন কুমিল্লার চৌদ্দগ্রামে। সেখানে তাঁর রিকশার একটি গ্যারেজ আছে। আর সালমার বাবার বাড়ি কিশোরগঞ্জের বিন্নাদি গ্রামে।

পুলিশ জানায়, এই দম্পতির এক ছেলে কিশোরগঞ্জের বিন্নাদিতে একটি রেস্টুরেন্টে কাজ করেন। ছেলেকে দেখার জন্য মেয়ে ও স্ত্রীকে নিয়ে জনাব আলী পিকআপভ্যানে করে বিন্নাদিতে যাচ্ছিলেন। গতকাল রাত সোয়া ১১টার দিকে পিকআপটি কদমতলী এলাকায় উল্টে যায়। এতে ঘটনাস্থলে জনাব আলী ও কেয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় রাতেই সালমাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বলেন, পিকআপ জব্দ করা গেলেও চালককে আটক করা যায়নি।