পিকআপ উল্টে দিনভর যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান সড়কের উপর উল্টে যায়। এতে মহাসড়কের দুদিকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি গতকাল সকাল আটটায় তোলা l প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান সড়কের উপর উল্টে যায়। এতে মহাসড়কের দুদিকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি গতকাল সকাল আটটায় তোলা l প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দিকে কুমিল্লার নিমশার নামক স্থানে গতকাল বৃহস্পতিবার ভোরে একটি পিকআপ উল্টে যাওয়ার পর গতকাল দিনভর ওই মহাসড়কে যানজট লেগে ছিল। একপর্যায়ে ৪৫ কিলোমিটার সড়কজুড়ে যানজট বেধে যায়। এতে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে আটকা থেকে চরম দুর্ভোগ পোহান যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর পাঁচটার দিকে কুমিল্লার নিমশার নামক স্থানে মহাসড়কে ঢাকাগামী সবজিবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ঘণ্টা খানেক পর ময়নামতি মহাসড়ক থানার পুলিশ এসে পিকআপটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। কিন্তু এর আগেই মহাসড়কে শুরু হয় যানজট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়তে থাকে। ফলে যানজট তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে এ যানজট কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে দাউদকান্দি উপজেলার রায়পুর পর্যন্ত ৪৫ কিলোমিটার এলাকায় পৌঁছায়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ যানজট চলছিল।
কুমিল্লার ময়নামতি মহাসড়ক থানার ওসি সোহেল আহমেদ বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপটি সরিয়ে নেওয়া হয়। কিন্তু তিন দিনের ছুটি কেন্দ্র করে মহাসড়কে বাড়তি যানবাহনের উপস্থিতি, এলোপাতাড়ি চলাচল ইত্যাদি কারণেই যানজট তীব্র আকার ধারণ করে।
হানিফ পরিবহনের বাসচালক মোহাম্মদ আলী বলেন, বুধবার রাত ১১টায় যাত্রীদের নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। সকাল সাতটায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু আলেখারচর এলাকায় এসে ভোর সাড়ে পাঁচটায় যানজটে আটকা পড়েন। ৪৫ কিলোমিটার জট কাটিয়ে দুপুর সাড়ে ১২টায় রায়পুর পৌঁছেন। এই পথ অতিক্রম করতে সাত ঘণ্টা লেগেছে। দীর্ঘ সময় বাসে বসে থেকে যাত্রীদেরও দুর্ভোগের শেষ ছিল না।
কুমিল্লা শহর থেকে ছেড়ে আসা পাপিয়া পরিবহনের বাসচালক হানিফ মিয়া বলেন, সকাল সাতটায় কুমিল্লার শাসনগাছা থেকে দাউদকান্দির উদ্দেশে রওনা হয়ে যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে সোয়া এক ঘণ্টার স্থানে সাত ঘণ্টা লেগেছে। নোয়াখালীর সোনাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের চালক সোহাগ মিয়াও একই রকম কথা বলেন।