পিকআপ খাদে পড়ে প্রাণ গেল মা-ছেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আজ মঙ্গলবার সকালে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে ছেলেসহ এক নারী যাত্রী নিহত হয়েছেন। ওই নারীর স্বামীসহ আহত হয়েছে দুজন। ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ঝরনা বেগম (৩৪) ও ছেলে সোহান।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান জানান, ঝরনার স্বামী নুরুল ইসলাম গাজীপুরের শিববাড়ি এলাকার ভাড়া বাসা থেকে তাঁর পরিবার  ও আসবাব নিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। রাত তিনটার দিকে রওনা দেন তাঁরা। সকাল সাড়ে ছয়টার দিকে পিকআপটি কুষ্টিয়া এলাকায় পৌঁছালে সম্ভবত ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি ওই মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঝরনা ও সোহান ঘটনাস্থলে নিহত হন। নুরুল ইসলামসহ আহত হন দুজন। চালক ও তাঁর সহযোগীকে পাওয়া যায়নি।

আহত ব্যক্তিদের সদর হাসপাতালে ও লাশ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

নাজমুল হাসান জানান, শিবালয় থানার পুলিশ, হাইওয়ে পুলিশ ও ঘিওর ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভ্যানটিকে পানি থেকে তোলার কাজ চলছিল।