পিকআপ-নছিমন সংঘর্ষ, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা মোড়ে গতকাল শনিবার ভোরে মুরগিবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নছিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সকাল আটটা পর্যন্ত সড়ক অবরোধ করে পাঁচটি গতিরোধক তৈরি করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে ডুমুরিয়া থেকে নছিমনে করে কয়েকজন খুলনার রায়ের মহল এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতে যাচ্ছিলেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা মোড়ে পৌঁছালে ডুমুরিয়াগামী মুরগিবাহী একটি পিকআপ একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এর পরপরই তার সামনে থাকা নছিমনকে সজোরে ধাক্কা মারে। তবে পিকআপটি কিছুটা সামনে এগিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উত্তর পাশে গাছে লেগে উল্টে পড়ে। ওই সময় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নছিমনের যাত্রী আরাজী ডুমুরিয়া গ্রামের রঞ্জু শেখ (৬০) ও গুটুদিয়া গ্রামের ঘণ্টা মণ্ডল (৫০) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ডুমুরিয়া অগ্নিনির্বাপক দলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আহত মোটরসাইকেল আরোহী কপলিমুনি এলাকার আবদুল আজিজ (৪৫) ও চালক আবদুস সালাম বিশ্বাস (২৫) এবং নছিমনের যাত্রী কোমলপুর গ্রামের শাহাদৎ হোসেন (৫৫), রোস্তম মোড়ল (৫০), হাবিব শেখ (৩৫) ও মো. জামালকে (২৫) উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ছাড়া গোপাল মণ্ডল (৪৪) ও শাহাদৎ মোড়লকে (২৫) ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দিলীপ কুণ্ডু বলেন, আহত ব্যক্তিদের মধ্যে আবদুল আজিজের পা ভেঙে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মসিউর রহমান বলেন, ঘটনার প্রতিক্রিয়ায় উত্তেজিত জনতা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে জিলেরডাঙ্গা ও গুটুদিয়া মোড়ে গতিরোধক তৈরি করেছে।