পিকআপ ভ্যান উল্টে সবজি বিক্রেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে গতকাল মঙ্গলবার একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যান উল্টে নূরু হক গাজী (৫২) নামের এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। সকালে এ ঘটনা ঘটে।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, সকাল ছয়টার দিকে পিকআপ ভ্যানে চড়ে কারওয়ান বাজারের উদ্দেশে যাচ্ছিলেন নূরু হকসহ কয়েকজন। পিকআপটি মহাখালী ফ্লাইওভারের উত্তর পাশে পৌঁছে একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় পিকআপটি উল্টে যায় এবং পিকআপে থাকা নূরু ও আজগর আলী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূরুকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, খবর পেয়ে দুপুর ১২টার দিকে নিহত নূরুর মেয়ে হালিমা আক্তার ঢাকা মেডিকেলের মর্গে তাঁর লাশ শনাক্ত করেন।