মানিকগঞ্জ পৌর এলাকার পৌলী গ্রামের বান্দুটিয়া-পৌলী সড়কে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পিকআপ ভ্যান উল্টে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। নিহত ছাত্রের নাম সুকুমার সরকার (১৪)। ফুটবল খেলা শেষে তারা ওই ভ্যানে করে বাড়ি ফিরছিল।
সুকুমার জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের সুনীল সরকারের ছেলে। সে স্থানীয় ধানকোড়া গিরীশ চন্দ্র ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীতে পড়ত। আহতরা সবাই দাশপাড়া গ্রামের ছেলে।
এর আগে ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফুটবল খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফেরার পথে ট্রাকটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে ৪৩ ছাত্রসহ ৪৪ জনের মৃত্যু হয়।
আহত প্রকাশ সরকার জানায়, গতকাল বিকেলে পৌলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দাশপাড়া ও পৌলী গ্রামের কিশোরদের মধ্যে ফুটবল খেলা ছিল। খেলা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি পিকআপ ভ্যানে উঠে দাশপাড়া গ্রামের ছেলেরা বাড়ি ফিরছিল। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পর পৌলী মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে পিকআপ ভ্যানটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে পিকআপের নিচে পড়ে গুরুতর আহত হয় সুকুমার। এ ছাড়া কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুকুমারকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বদরুল আলম বলেন, আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।