পিকআপ ভ্যান ও ট্রাকের চাপায় তিনজন নিহত
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল মঙ্গলবার পিকআপ ভ্যানের চাপায় আবদুল আজিজ (৬০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া সোমবার বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক ও আদমদীঘি উপজেলায় রোববার রাতে এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:সৈয়দপুর (নীলফামারী): বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার দুপুরে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের সৈয়দপুর সেনানিবাসের ৩ নম্বর এমপি চেকপোস্টের সামনে একটি পিকআপ ভ্যান আবদুল আজিজকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজিজের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের প্রামাণিকপাড়ায়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে যান।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় সোমবার সন্ধ্যা ছয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়কের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই যানটির চালক মোকাদ্দেছ হোসেন নামের এক ব্যক্তি মারা যান। আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, বেপরোয়াভাবে চালানোর সময় চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।আদমদীঘি (বগুড়া): রোববার সন্ধ্যা সাতটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার বাবলাতলী এলাকায় একটি ট্রাক যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যানের আরোহী মৌসুমী বেগম নিহত হন। তাঁর বাড়ি উপজেলার উজ্জ্বলতা গ্রামে। দুর্ঘটনায় একই গ্রামের ভ্যানচালক রজিব উদ্দীন, বাবুর আলী ও মৌসুমীর বাবা বাদশা মিয়া গুরুতর আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।